পাপিয়া হত্যার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ
বরিশালে নিহত এনজিও কর্মী অ্যাডভোকেট পাপিয়া হত্যার নিরপেক্ষ তদন্ত এবং খুনীদের বিচার নিশ্চিত করার দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের নেতৃবৃন্দ এ দাবি জানান। তারা হত্যা মামলায় অভিযুক্ত মূল আসামীকে গ্রেপ্তারেরও দাবি করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আয়েশা খানম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিনী এবং নিহতের বড় বোন কুমকুমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তারা পাপিয়া হত্যার ময়নাতদন্ত রিপোর্ট জনগনের কাছে প্রকাশের দাবি জানান। একই সাথে তারা নিহত পাপিয়ার শিশু সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তার দাবি করেন।
সিডার মানবাধিকার কর্মী পাপিয়াকে গত ৩ নভেম্বর বিকেলে বরিশালে তার শ্বশুর বাড়িতে হত্যা করা হয়। হত্যাকান্ডের জন্যে মূল অভিযুক্ত তার স্বামী। হত্যার পর কোন ময়না তদন্ত ছাড়া এবং পরিবারের কাউকে না জানিয়ে পাপিয়াকে সমাহিত করা হয়।
পরে পরিবারের দাবি অনুযায়ী তার লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। সুরাতহাল রিপোর্টে পাপিয়াকে হত্যার প্রমান মিলেছে।
