সার্ক সম্মেলন শেষ, অবরুদ্ধ নগরবাসীর মুক্তি
ত্রয়োদশ সার্ক সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস নিলো টানা তিন দিন অবরুদ্ধ থাকা নগরবাসী।
সন্ধ্যা পৌনে ৬টায় সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার সাথে সাথে মানুষের মাঝে নেমে আসে স্বস্তি, এ যেনো তীব্র দাবদাহের পর এক পশলা বৃষ্টি।
ঢাকায় ১১ নভেম্বর থেকে জারি করা ‘রেড অ্যালার্ট’-এর ফলে থমকে যায় ব্যস্ততম রাজধানীর প্রাণচাঞ্চল্য। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার সার্ক উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার ফলে ‘ছুটির সাঁকো’ পাড়ি দিয়ে নগরীর কয়েক লাখ মানুষ চলে যায় নিজ নিজ গ্রামের বাড়ি। ফলে এমনিতেই জনশূন্য হয়ে পড়ে ঢাকা।
উপরন্তু যারা ঢাকায় ছিলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর জারি করা কারফিউ’র মতো রেড অ্যালার্ট-এর ফলে একরকম অবরুদ্ধই হয়ে যান তারা। খুব প্রয়োজন না হলে কেউ বাসা থেকে বের হননি। বন্ধ ছিলো বেশিরভাগ হালকা ও ভারী পরিবহন। বন্ধ ছিলো সকল শিক্ষা প্রতিষ্ঠান। অনেক বাজার এবং বিপনী বিতানও বন্ধ ঘোষণা করা হয়। ফলে রাজধানী পরিণত হয় ভুতুড়ে নগরীতে। রাজপথ ছিলো র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সহযোগী আইন-শৃঙ্খলা সদস্যদের দখলে। ছিলো সাইরেন বাজিয়ে র্যাব ও পুলিশের ঘন ঘন মহড়া। ঈদের ছুটিতেও রাজধানী এতটা নীরব, স্পন্দনহীন থাকে না। পথে পথে তল্লাশির নামে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হয়রানি, দুর্ব্যবহার এমনকি রোগী পরিবহনে বাধায় নাভিঃশ্বাস উঠেছিল নগরবাসীর।
এর আগে দু’বার বাতিল হওয়া ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন সফল করতে ঢাকায় নেয়া হয়েছিল এমনই স্মরণকালের সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা।
কাওরান বাজারের ব্যবসায়ী বাবু মিয়া জানান, সার্ক উপলক্ষে তিন দিন আড়ত ও কাঁচা বাজার বন্ধ থাকায় তারা মারাত্মক আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সার্ক উপলক্ষে ঢাকায় ডিউটি করতে আসা সিলেট রেঞ্জের একজন পুলিশ কর্মকর্তা বিডিনিউজকে জানান, এই ক’দিন বিরামহীন কাজ করার ফলে তাদের অনেকেই অসুস্থ ও ক্লান্ত হয়ে পড়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, এখন নিজ নিজ কর্মস্থলে গিয়ে কিছু দিনের জন্যে বিশ্রাম চান তাদের অনেকে।
সার্কের সময় অবরুদ্ধ ঢাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষরা। সার্ক সম্মেলনের পর্দা পড়ায় এমনই একজন নিম্নআয়ের কবীর হোসেন স্বস্তি প্রকাশ করে বলেন, এখন অপেক্ষা করছেন আবার ব্যবসা শুরু করার।
‘এই ক’দিন ব্যবসা বন্ধ থাকায় মারাত্মক আর্থিক কষ্টে ছিলাম,’ তিনি বলেন।
সার্ক সফল করতে ৪০ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী নগরীর অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল। সরকারের সব ক’টি গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে ছিলো তৎপর। নৌ ও আকাশপথেও ছিল কোস্টগার্ডের স্পিড বোট এবং র্যাব-এর হেলিকপ্টার।
