২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত, পাকিস্তানের মধ্যে উত্তেজনা সার্কের অগ্রগতিকে ব্যাহত করেছে: আরবীয় পত্র-পত্রিকা

আরব বিশ্বের পত্রপত্রিকাগুলো রোববার বলেছে, যতটা আশা করা হয়েছিল, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ততটা অগ্রগতি অর্জন করতে পারেনি। আর এ জন্য তারা ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান উত্তেজনাই দায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 03:05 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

খালিজ টাইম্স তার এক সম্পাদকীয়তে জানায়, পৃথিবীর এক চতুর্থাংশ জনসংখ্যার আবাসস্থল ও অনুকূল ভৌগলিক অবস্থানের কারণে দক্ষিণ এশিয়ার সামনে যে অমিত সম্ভাবনা ছিল, তার পুরোপুরি সদ্ব্যবহার করতে দক্ষিণ এশিয়া ব্যর্থ হয়েছে।

খালিজ টাইমসের ভাষায়, এই অঞ্চলে যে অমিত সম্ভাবনা রয়েছে সার্কের মাধ্যমে তা কাজে লাগানোর সুযোগ সামনে এসেছিল।

সংযুক্ত আরব আমিরাতের নেতৃস্থানীয় পত্রিকাটি ‘মেকিং দ্য সেন্স অব সার্ক’ শিরোনামে লেখা সম্পাদকীয়তে জানায়, সার্ক সদস্য রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনা সার্ক গঠনের প্রথম বছরগুলোতে সহযোগিতা সংস্থাটিকে বিভ্রান্ত করেছে।

এতে বলা হয়, প্রতিবেশী দেশ দু’টির মধ্যে অযথা উত্তেজনা পুরো দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করেছে। আর সার্কের মত আঞ্চলিক সহযোগিতা সংস্থা ব্যর্থ হওয়ার জন্য দেশ দু’টিই দায়ী।

খালিজ টাইম্সে বলা হয়েছে, এই অঞ্চলের সাধারণ লোকদের সহায়তা করার জন্য সার্ককে প্রাসঙ্গিক ও অর্থপূর্ণ করতে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর সহায়তায় ভারত ও পাকিস্তানকে এখন সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এতে বলা হয়েছে, ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে আফগানিস্তান সবসময় দক্ষিণ এশিয়ার অংশ ছিল। আর পর্যবেক্ষক হিসেবে শক্তিশালী চীনের সার্কে অংশগ্রহণ আঞ্চলিক সহযোগিতার সংস্থাটিকে বহুল কাঙ্খিত নতুন গতি এনে দিতে পারে।

আরব নিউজ রোববার তাদের সম্পাদকীয়তে বলেছে, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের যে লক্ষ্যমাত্রার কথা সার্ক প্রতিষ্ঠার সময় উল্লেখ করা হয়েছিল, সে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় অগ্রগতি সার্কের মধ্যে সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই বিশেষভাবে লক্ষ্য করা যায়নি।

এতে বলা হয়, পরিপক্কতা অর্জন দূরে থাক, সার্ক হাঁটা শুরু করতেই পারেনি। তার পরও একে একটি ব্যর্থ আঞ্চলিক সংস্থা হিসেবে এখনই চিহ্নিত করা যাবে না। রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতার কারণে সার্কের আদি কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এতে আরও বলা হয়, গত দুই দশক ধরে যে পরিস্থিতির কারণে সার্ক কাজ করেনি বা করতে পারেনি, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সতর্ক সম্পর্ক স্থাপনের বর্তমান প্রচেষ্টা সে পরিস্থিতিকে পুরোপুরি পরিবর্তন করতে পারে।

সৌদি আরবের প্রথম ইংরেজি দৈনিক আরব নিউজে অবশ্য বলা হয়েছে, দীর্ঘমেয়াদী সফলতা অর্জনের জন্য যে সতর্ক নীতি গ্রহণ করা হয়েছে, তা প্রশংসাযোগ্য।