২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের দুঃখ ভবদহ, ৫৫টি গ্রামের তিন লাখ মানুষ পানিবন্দি

যশোরের অভয়নগর উপজেলার চলিশা ইউনিয়নের বলারাবাদ গ্রামে অশীতিপর বৃদ্ধ ভূপেন মল্লিকের এখন একটাই আকুতি ‘পানি সরায়ে দাও বাবা’।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 10:15 AM

Updated : 26 Apr 2022, 06:17 PM

কোটা গ্রামের হোসেন আলীর (৬০) অনুরোধ ‘আমার নামটা রিলিফের তালিকায় তুলে দাও। কেবল ভুপেন ও হোসেন নয়, অভিন্ন এ দাবি পানিবন্দি যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার হাজার হাজার নারী পুরুষের।

প্রাকৃতিক দুর্যোগের সাথে মানবসৃষ্ট ফাঁদে পানিবন্দি হয়ে পড়েছে এ দু উপজেলার ৫৫টি গ্রামের প্রায় তিন লাখ মানুষ। তাদের জন্য যাচ্ছে না কোন ত্রাণ। ‘যশোরের দুঃখ’ নামে পরিচিত ভবদহ স্লুইস গেট দিয়ে পানি নিষ্কাশিত না হওয়ায় উপজেলা দু’টির ২৭টি বিলে দেখা দেয় জলাবদ্ধতা । এরপর গত ১৮ থেকে ২৪ অক্টোবরের অতিবর্ষণে পানি আটকা পড়ে বিল সংলগ্ন গ্রামগুলো একের পর এক তলিয়ে যেতে থাকে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল । ভেসে গেছে অসংখা মাছের ঘের । শিক্ষা প্রতিষ্ঠান , মসজিদ, মন্দির , শ্নশান এমনকি থাকার ঘরও তলিয়ে গেছে ৩/৪ ফুট পানির নিচে ।

মঙ্গলবার ডুঙায় (ডিঙি নৌকা) করে জলাবদ্ধ এলাকার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাড়িতেই পানি উঠেছে ,ঘরের মধ্যে মাঁচা তৈরি করে সেখানেই গাঁদাগাদি করে থাকছে সবাই। গরু ছাগল ও হাঁস মুরগি ও রাখা হচ্ছে একই ঘরে। পানীয় জলের তীব্র সংকট রয়েছে, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই বললেই চলে। আর সে কারণেই পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। সেই সাথে উপদ্রব বেড়েছে সাপের। দুর্ভোগের সাথে পাল্লা দিয়ে প্রতিদিন বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

গ্রামবাসী জানায়, খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। এখনও পর্যন্ত কেউ খোঁজ নিতে আসেনি, ত্রাণ তো দূরের কথা’।

বেদভিটা গ্রামের মনোয়ারা বেগম (৩৬) ডুঙ্গায় করে জিনিস পত্র এবং হাঁস মুরগি রাখতে যাচ্ছেন বাপের বাড়ি পায়রা গ্রামে। তিনি বলেন, ঘরের মধ্যে পানি, তাই এগুলো বাপের বাড়ি রাখতে যাচ্ছি। তার সাথে সাথে ডুবে যাওয়া রাস্তা দিয়ে গরুর দড়ি ধরে টানতে টানতে সামনে চলছেন স্বামী পির মোহাম্মদ (৪৫)।

অভয়নগর উপজেলার চলিশিয়া, পায়রা, সুুন্দলী, নেহালপুর এবং কুলটীয়া ইউনিয়নের চেয়ারম্যানরা বলেন, দ্রুত পানি সরানোর ব্যবস্থা না করলে ইউএনও এবং ডিসি অফিস ঘেরাও ছাড়াও রাজপথ রেলপথ অবরোধ করা হবে। তারা বলেন, ত্রাণ চাইনা, জলাবদ্ধতার অবসান চাই।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমীন বলেন, পানিবন্দি মানুষের জন্য ৯ মেঃ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ২/১ দিনের মধ্যে তা দুর্গতদের মধ্যে বিতরণ করা হবে। ওই চাল যথেষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী তা যথেষ্ট। এছাড়া, এখন ভিজি এফ ও রেশনিং চলছে। তবে পানি নিষ্কাশনের জন্যে এ মুহূর্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে তিনি জানান।

অনুসন্ধানে জানা যায়, সবুজ বিপ্লবের নামে’ ৬০ এর দশকে গ্রহণ করা হয় ‘অধিক খাদ্য ফলাও’ কর্মসূচি। লোনা পানি ঠেকিয়ে উপকূলীয় জলাভূমিকে সারা বছর কৃষি জমিতে পরিণত করার জন্যে দুটি জেলার পাঁচটি উপজেলার সংযোগস্থল অভয়নগরের ভবদহে শ্রী নদীর ওপর নির্মিত হয় ভবদহ স্লুইস গেট। ২৭ টি বিলের পানি নিষ্কাশিত হতো এই স্লুইস গেট দিয়ে । প্রথমে ভালো ফসল হলেও’ ৮০’র দশকের মাঝামাঝি নদীর বুক পলি পড়ে উচু হয়ে দেখা দেয় জলাবদ্ধতা। ভায়াবহ জলাবদ্ধতা দূুর করতে দীর্ঘ এক যুগপর ১৯৯৬ সালে এডিবি’র অর্থায়নে পানি উন্নয়ন বোর্ড ২২৯ কোটি টাকার কাজ শুরু করে। নদী খনন এবং জোয়ারাধার নির্মাণ করা হয়। ২০০২ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের কাজ শেষ হয়।

পানি উন্নয়ন বোর্ড খুলনা অফিস সুত্র জানায়, চলতি বছরের প্রথম দিকে বিলগুলোতে আবারো দেখা দেয় জলাবদ্ধতা। প্রকল্পের টাকায় কেনা স্লুইস গেটের সামনের পালি কাটার যন্ত্র এসকেভেটর পানি উন্নয়ন বোর্ড স্বেচ্ছাচারিতার মাধ্যমে সিলেটে ভাড়া দেয়।

এদিকে গত জানুয়ারি মাসে নদীতে যখন জোয়র-ভাটা চলছিল তখন বিলের ইরি-বোরো ফসল ও মাছের ঘের রক্ষার জন্য নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুুল সাহাদাত স্লুইস গেটের কপাট বন্ধ রাখার জন্য যশোরের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন । এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে পানি উন্নয়ন বোর্ড স্লুইস গেটের কপাটগুলো বন্ধ করে দেয়। এর ফলে পলি জমে গেটের মুখ উঁচু হয়ে জলাবদ্ধতা দেখা দেয়।

পানি উন্নয়ন বোর্ড, যশোরের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার সরকার বিডিনিউজকে বলেন, আমি এখনে বদলি হয়ে এসেছি কয়েক মাস হলো। আমি বিষয়টি শুনেছি।

তিনি বলেন, মন্ত্রণালয় এসকেভেটরটি সিলেটের একজন টিকাদারের কাছে ভাড়া দিয়েছে। দ্রুত এসকেভেটরটি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। তিনি আরো বলেন, দুটি এসকেভেটর এবং একটি ড্রেজার এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কাজ করছে। আগামী এক মাসের মধ্যে পানি নিষ্কাশন সম্ভব হবে বলে তিনি মনে করেন।

এদিকে, পানি সরানেরা দাবিতে ফুঁসে উঠেছেন পানিবন্দি হাজার হাজার মানুষ। রিলিফ চাইনে পানি সরাও’’ এ স্লোগান কে সামনে রেখে গঠিত হয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। সংগ্রাম কমিটির আহবায়ক রনজিৎ বাওয়ালী বলেন, প্রশাসন দ্রুত পানি সরানোর ব্যবস্থা না করলে, পানিবন্দি মানুুষদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।