২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান সার্ভিস সুবিধা প্রদানের প্রস্তাব দিলেন মনমোহন সিং

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের মেট্রোপলিটন শহরগুলো ও অন্যান্য ১৮টি শহরে যৌথ উদ্যোগে দৈনন্দিন বিমান সার্ভিস চালু করতে সার্কভূক্ত দেশসমূহের প্রতি প্রস্তাব দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

শনিবার ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন। তিনি বলেন, নির্দিষ্ট এয়ার লাইন্সের মাধ্যমে দৈনন্দিন বিমান সার্ভিস চালু করতে সার্কভূক্ত দেশের জন্যে ভারত প্রস্তাব তৈরি করেছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বাঙ্গালোর, হায়দারাবাদ, কলকাতাসহ সমগ্র ভারতের ১৮টি স্থানে বিমানের রুট হতে পারে। তিনি আরও বলেন, সার্ক দেশসমূহ বিমান যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ঘটাতে পারে।

তিনি জানান, নতুন এয়ার সার্ভিস চালুর ব্যাপারে উৎসাহিত করা হবে। বিভিন্ন এয়ার লাইন্স চালুর ক্ষেত্রে এ বিষয়টি কার্যকর ভূমিকা রাখতে পারে।

মনমোহন সিং আঞ্চলিক সত্ত্বার প্রতীক হিসেবে এবং সার্ক যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের প্রয়োজনের গুরুত্বের বিষয়ে মনোযোগ আকর্ষণ করতে আগামী সার্ক শীর্ষ সম্মেলনের সময় ‘দক্ষিণ এশীয় কার র‌্যালি’ করতে ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেন। এছাড়া তিনি দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সেন্টার ফর এক্সেলেন্স’ গঠনেরও প্রস্তাব দেন, যেখানে এ অঞ্চলের শিক্ষাবিদ, পন্ডিত, গবেষক ও ছাত্ররা একত্রে কাজ করতে পারবে।

তিনি আরও বলেন, আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করতে ভারত প্রধান ভূমিকা পালন করবে।