২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসংখ্য বিষয়ের মাঝে সার্কের অর্জন খুবই সামান্য: কুমারাতুঙ্গা

শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা বলেছেন, অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়ের মাঝে সার্কের অর্জন খুবই নগণ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ঢাকায় শনিবার ত্রয়োদশ সার্ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জ্ঞান, অর্থনীতি, প্রযুক্তি ও সৃষ্টিশীলতার অবাধ বিচরণের মাধ্যমে বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে। আর এ দৌড়ে টিকে থাকতে আমাদেরও অনেক কিছু করার আছে।

সক্ষমতার তুলনায় সার্ক সদস্য রাষ্ট্রগুলোর অর্জন সামান্য, জনগণের এ ধারণাকে উল্লেখ করে তিনি বলেন, আমি সার্কের অর্জনকে খাটো করে দেখছি না, আবার চলমান চ্যালেঞ্জকে ফুলিয়ে ফাঁপিয়েও বলছি না।

কুমারাতুঙ্গা বলেন, তার দেশ এমন একটি অঞ্চল কামনা করে যেখানে মানুষের কল্যাণ ও সমৃদ্ধির জন্যে কোনও বাহ্যিক অর্থনৈতিক বাধা থাকবে না, যেখানে মানুষ ও পণ্য অবাধে প্রবেশ করবে অপর দেশে।

সমন্বিত দক্ষিণ এশিয়ার ব্যাপারে তিনি বলেন, শ্রীলংকা মনে করে সাফটা গঠনের মাধ্যমে এ অঞ্চলের বাণিজ্যের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে তা দূর হবে এবং সমন্বিত দক্ষিণ এশিয়া প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এ অঞ্চলে অভিন্ন বাজার সৃষ্টির লক্ষ্যে বিদ্যমান মুক্ত বাণিজ্য অঞ্চলকে সংস্কার করার মাধ্যমে দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়ন গঠনের ক্ষেত্রে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর অর্থমন্ত্রীদের বৈঠক আহ্বান করা উচিত।

শ্রীলংকান প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি এ অঞ্চলে সংঘঠিত ভয়াবহ সুনামি ও ভূমিকম্পের পর আমরা এ সার্ক সম্মেলনে মিলিত হয়েছি। তিনি বলেন, সুনামি ভূমিকম্পে যে কেবল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ সংঘঠিত হয়েছে তা নয়, এতে যারা বেঁচে ছিলেন তাদের অনেকেই গৃহহীন ও দুর্দশার শিকার হয়েছেন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সার্ক রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের মধ্যে সহযোগিতার মাত্রা আরো বৃদ্ধি করতে হবে। এজন্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সমঝোতার সম্পর্ক স্থাপন করতে হবে।

সক্ষমতা তৈরি ও সক্রিয় ভূমিকা রাখার জন্যে সার্ক সচিবালয়কে আরো জোরদার করতে কুমারাতুঙ্গা সদস্য রাষ্ট্রগুলোকে এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানান। তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোকে এসকল বিষয়ে অবশ্যই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।