সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে সার্কের সদস্য রাষ্ট্রসমূহের প্রতি রাজা জ্ঞানেন্দ্রর আহ্বান
নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব এ অঞ্চলের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে সার্কের সদস্য রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, এটা দুভার্গ্যজনক যে, বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্যে বৈশ্বিক কোন পদক্ষেপ নেই। পৃথিবীর বিভিন্ন প্রান্তের দেশসমূহকে বিশেষত দুর্বল দেশসমূহকে সম্পৃক্ত না করতে পারায় সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপি যুদ্ধ কার্যত ব্যর্থ হয়েছে।
ত্রয়োদশ সার্ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নেপালের রাজা এ কথা বলেন। সন্ত্রাস দমনে আন্তর্জাতিকভাবে দ্বৈত ভূমিকা পালন করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাস দমনে দ্বৈত ভূমিকা এবং বৈষম্যমূলক আচরণ সন্ত্রাসের চেয়েও ভয়ংকর। সন্ত্রাসকে কখনও ভাল সন্ত্রাস বা খারাপ বলে চিহ্নিত করা যায় না, সন্ত্রাস সন্ত্রাসই।
রাজা জ্ঞানেন্দ্র তার বক্তব্যে কাঠমুন্ডুতে অনুষ্ঠিত একাদশ সার্ক সম্মেলনে গৃহীত ঘোষণার উল্লেখ করেন। ঘোষনায় বলা হয়েছিল, ‘সন্ত্রাসের যে কোন রূপই সদস্য রাষ্ট্র ও মানবতার জন্যে হুমকিস্বরূপ। মতাদর্শ, রাজনীতি, ধর্ম বা অন্য কোন ক্ষেত্র থেকে সন্ত্রাসের কোন রূপ সমর্থন করা যায় না।’
তিনি আরও বলেন, সে ঘোষণায় সার্ক সদস্য রাষ্ট্রসমূহ সম্মত হয়েছিল, সন্ত্রাস জাতিসংঘ ও সার্ক সনদের মূলনীতির বিরোধী এবং একুশ শতকের শান্তি ও নিরাপত্তার জন্যে মারাত্মক হুমকিস্বরূপ।
