অতীতমুখী মনোভাব সার্কের কার্যকর সহযোগিতাকে ব্যহত করেছে: খালেদা জিয়া
বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার সার্কের আওতায় কার্যকর সহযোগিতাকে নিরুৎসাহিত করার ক্ষেত্রে অতীতমুখী মনোভাবকে দায়ী করেছেন। এ অবস্থার পরিবর্তনের জন্যে তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক সম্মেলনে উদ্বোধনী ভাষণে বেগম খালেদা জিয়া একথা বলেন।
তিনি প্রশ্ন রাখেন, সার্কের দেশসমূহ যেসব সমস্যায় আটকা পড়ে আছে তার সমাধান না করে অর্থনৈতিক সহযোগিতা প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব? তিনি বলেন, আমি মনে করি এ ব্যাপারে আমাদেরকে ‘হলে হবে না হলে না হবে’ এ মনোভাব থেকে বেরিয়ে আসা উচিত।
বেগম জিয়া বলেন, গত ২০ বছরের অভিজ্ঞতা থেকে আমরা এখন বুঝতে পারছি, ‘পশ্চাদপদ মানসিকতা ও ধারণা’ই কার্যকর আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করছে।
তিনি বলেন, অন্যান্য আঞ্চলিক সংস্থা থেকে আমরা এ শিক্ষা পেয়েছি যে, রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রে সকলকে একযোগে আন্দোলন চালিয়ে যেতে হবে।
প্রতিযোগিতায় অন্যের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে আমরা যে গতিশীল ও সম্ভাবনাময় দক্ষিণ এশিয়া গড়ে তুলতে চাই তার জন্য এ শিক্ষা জরুরি।
প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ শীর্ষ সম্মেলনে এ বিষয়ে কিছু দিক নির্দেশনা ছিলো। দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়ন বাস্তবায়নের জন্যে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি প্রয়োজন এ কথা আগে থেকই স্বীকৃত।
তিনি বলেন, ত্রয়োদশ সার্ক সম্মেলন আমাদের জন্যে সুযোগের দ্বার উন্মোচিত করেছে। গত দুই দশকে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আমাদের অর্জন জোরদারের জন্যে এই সম্মেলন।
এই সম্মেলন আমাদের দৃষ্টি সম্প্রসারিত করার পাশাপাশি এবং সার্কের পরবর্তী দশকের কর্মসূচি নির্ধারণে সহায়তা করবে। আমাদের অঙ্গীকার বাস্তবায়নেরও সুযোগ এনে দেবে।
প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সার্কের অন্যতম লক্ষ্য।
এই লক্ষ্য অর্জনে আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জনে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী বছরের জানুয়ারিতে আমাদের অবশ্যই সাফটা চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী সাফটা চুক্তিতে সেবা খাতের অন্তর্ভূক্তির ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, অনানুষ্ঠানিক পর্যায়ে সেবা খাতের বাণিজ্য ক্রমবর্ধমান হারে সম্প্রসারিত হচ্ছে। বাজারের গতি-প্রকৃতি জানার জন্যে অচিরেই একটি গবেষণা প্রয়োজন।
তিনি আরও বলেন, পর্যটক, তীর্থযাত্রী, ছাত্র, স্বাস্থ্য সেবা নিতে এবং অনেক পেশাজীবীই ইতোমধ্যেই সীমানা অতিক্রম করে এক দেশ থেকে অন্য দেশ আসা যাওয়া করছেন। এর মাধ্যমে সব দেশই লাভবান হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ও মেডিকেল খাতে বিনিয়োগ এবং সর্বোপরি সেবার মানের উন্নয়ন এই খাতে ব্যাপক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা পালন করতে পারে।
প্রধানমন্ত্রী সচিবালয়সহ সার্কের বিভিন্ন প্রতিষ্ঠান ও কৌশলসমূহের পর্যবেক্ষণ ও সংস্কারের সুপারিশ করে বলেন, সচিবালয়সহ সার্কের সকল প্রতিষ্ঠান ও কৌশল বিস্তারিতভাবে পর্যবেক্ষণের জন্যে স্ট্যান্ডিং কমিটির উচিত বিশেষ অধিবেশন আয়োজন। যার ম্যাধমে এ সম্মেলনে কাউন্সিল অব মিনিস্টার্সের পরবর্তী বৈঠকে তাদের (স্ট্যান্ডিং কমিটির) সুপারিশসমূহ চূড়ান্ত করার কর্তৃত্ব দিতে পারে।
তিনি প্রস্তাবিত সার্ক দারিদ্র বিমোচন তহবিল সংক্রান্ত সুপারিশ গঠনে আগামী বছরের প্রথমভাগে সার্কের অর্থ ও পরিকল্পনা মন্ত্রীদের বৈঠকের সুপারিশ করেন।
