নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দর থানা বাসস্ট্যান্ডের কাছে শনিবার সকাল সাড়ে ৮টায় এক বাস দুর্ঘটনায় চারজন নিহত ও একজন আহত হয়েছে।
নিহতরা হল শিবু (৩৫), আমির হোসেন (৩৫), নূর আলম রাসেল (১৬) এবং জামান (১৬)।
আহত বাস যাত্রী আসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দাউদকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-১১-০৯৪৭) নারায়ণগঞ্জ বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসকে (নম্বর জানা যায়নি) পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় সামনের বাসটির ছাদের কয়েকজন যাত্রী নিচে পড়ে যায়।
ইকোনো পরিবহনের বাসটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় অন্য বাসের ছাদ থেকে পড়ে যাওয়া যাত্রীদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় এবং আশংকাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
