গুলশানের দোকানে মিশরীয় কূটনীতিক পুত্র লাঞ্ছিত
নগরীর গুলশান এলাকার এক দোকানে কর্মচারিদের হাতে মিশরের এক কূটনীতিক পুত্র লাঞ্ছিত হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে গুলশান-২ এর আলম সুপার মার্কেটের একটি অডিও ও সিডি ক্যাসেটের দোকানের কর্মচারিরা ঢাকাস্থ মিশরীয় দূতাবাসের প্রশাসন কর্মকর্তা মোহাম্মদ হাশেমের পুত্র ওয়ালিদকে মারধোর করে।
ভাড়া করা সিডি নষ্ট দেখতে পাওয়ায় তা ফেরত দিতে গেলে দোকানের কর্মচারি ও ওয়াহিদের মধ্যে প্রথমে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে দোকানের কর্মচারিরা তাকে মারধোর করে।
খবর পেয়ে দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে ওয়ালিদকে সঙ্গে নিয়ে দূতাবাসের কর্মকর্তারা গুলশান থানায় যান।
রাত ১১টা ২০ মিনিটে গুলশান থানা পুলিশ বিডিনিউজকে জানায়, এ ব্যাপারে তারা মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চালাচ্ছেন।
