সার্ক নেতাদের অধিকাংশই এখন ঢাকায়, মালদ্বীপের প্রেসিডেন্ট পৌঁছেছেন রাত সাড়ে ১০ টায়
শুক্রবার রাত সাড়ে ১০ টায় মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম সিঙ্গাপুর এয়ারলাইন্সযোগ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মন্ত্রী পরিষদের সদস্যবর্গ বিমান বন্দরে তাকে স্বাগত জানান।
সার্ক সম্মেলনে যোগ দিতে সার্কভুক্ত দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা বিকেল থেকেই ঢাকায় পৌঁছাতে শুরু করেন।
এর আগে, সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ঢাকায় পৌঁছান। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে একটি বিশেষ বিমানযোগে তিনি সস্ত্রীক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এছাড়াও সন্ধ্যায় নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহ দেব, বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ এবং ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো স্যাঙ্গে নেদুপ ঢাকায় পৌঁছেন।
বিকেলে ঢাকায় আসা নেতাদের সম্মানে বিমানবন্দরে তোপধ্বণি করা হয়। এছাড়াও সকল নেতাকেই বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়।
নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহদেব নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে সন্ধ্যা পৌণে ৬টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। একটি বিশেষ বিমানে বিকেল সাড়ে ৫টায় তার আসার কথা ছিল।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ নির্ধারিত সময়ের এক ঘন্টা পর বিকেল ৪টা ৪৫ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি একটি বিশেষ বিমানযোগে অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে সস্ত্রীক ঢাকায় আসেন।
শুক্রবার বিকেল পৌণে ৩ টায় ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো কেবি-১২৪ বিমানযোগে জিয়ায় অবতরণ করেন।
পরে মোটর শোভাযাত্রাসহ তাদের শেরাটন হোটেলে নিয়ে যাওয়া হয়। সার্ক সম্মেলন চলাকালে অন্য নেতাদের সঙ্গে তারা ওই হোটেলে অবস্থান করবেন।
শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা রাত সাড়ে এগারোটায় ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
