২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কভুক্ত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের ঢাকায় আসা শুরু

সার্ক সম্মেলনে যোগ দিতে সার্কভুক্ত দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

শুক্রবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ঢাকায় পৌঁছেছেন। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে একটি বিশেষ বিমানযোগে তিনি সস্ত্রীক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে সন্ধ্যায় নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহদেব, বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ এবং ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো স্যাঙ্গেই নেগদুপ ঢাকায় পৌঁছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মন্ত্রী পরিষদের সদস্যবর্গ বিমান বন্দরে সার্ক নেতাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

বিকেলে ঢাকায় আসা নেতাদের সম্মানে বিমানবন্দরে তোপধ্বণি করা হয়। এছাড়াও সকল নেতাকেই বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়।

নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহদেব নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে সন্ধ্যা পৌণে ৬টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। একটি বিশেষ বিমানে বিকেল সাড়ে ৫টায় তার আসার কথা ছিল।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ নির্ধারিত সময়ের এক ঘন্টা পর বিকেল ৪টা ৪৫ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি একটি বিশেষ বিমানযোগে অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে সস্ত্রীক ঢাকায় আসেন।

শুক্রবার বিকেল পৌণে ৩ টায় ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো কেবি-১২৪ বিমানযোগে জিয়ায় অবতরণ করেন।

পরে মোটর শোভাযাত্রাসহ তাদের শেরাটন হোটেলে নিয়ে যাওয়া হয়। সার্ক সম্মেলন চলাকালে অন্য নেতাদের সঙ্গে তারা ওই হোটেলে অবস্থান করবেন।