শিক্ষা মন্ত্রণালয়কে রাজনীতিকরণের হাত থেকে রক্ষা করতে ইউনেস্কোর প্রতি শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বান
-নগরীতে আয়োজিত একটি আলোচনা সভায় বক্তারা বাংলাদেশে বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করতে লাইব্রেরি উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ দান এবং মতামত বিনিময় কর্মসূচি গ্রহণ করতে ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউনেস্কোর ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কার্যালয়ে শুক্রবার জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় তারা এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের প্রধান সমন্বয়ক ও আহ্বায়ক অধ্যাপক কাজী ফারুক আহমেদ।
সভায় বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়কে রাজনীতিকীকরণের হাত থেকে রক্ষা করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ১৯৬৬ এবং ১৯৯৭ সালে ইউনেস্কো ও আইএলও যে শিক্ষক নীতিমালা অনুমোদন করেছে বাংলাদেশ সরকার তাতে স্বাক্ষর করা সত্ত্বেও প্রতিনিয়ত এ নীতিমালা লংঘন করা হচ্ছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে তারা বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত না নিয়ে একতরফাভাবে মাধ্যমিক স্তরে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত পুরোপুরি ইউনেস্কা-আইএলও অনুমোদিত নীতিমালার লংঘন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এম আসাদুল হক, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এমএ সাত্তার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক এম আরজু এবং বাংলাদেশ কলেজ কর্মকর্তা-কর্মচারি ইউনিয়নের সভাপতি জুলফিকার আলী ভুট্টো।
