২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সচিবালয়ে নেপালি ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে রাজা জ্ঞানেন্দ্র’র প্রতিনিধিত্ব করার বৈধতা নিয়ে নেপালের আন্দোলনরত আট রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো শুক্রবার সার্ক সচিবালয়ের নিকট আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 03:13 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

এ সময় তারা সার্ক সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। সম্মেলনে খালেদা জিয়া সভাপতিত্ব করবেন।

ছাত্র সংগঠনগুলোর প্রধানদের সাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, কোনও ক্ষমতাবলেই রাজা নেপালের দুই কোটি ৬০ লাখ জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন না।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, রাজা জ্ঞানেন্দ্র ১৯৯০ সালে গৃহীত সংবিধানের নীতি পদদলিত করে সংসদ ধ্বংস করছেন।

সম্মেলনে রাজা কোনও সিদ্ধান্ত বা চুক্তি করলে এমনকি তিনি কোনও বক্তব্য দিলেও তা নেপালি জনগণের চোখে বিশ্বাসযোগ্যতা অথবা বৈধতা পাবে না।

এর আগে বৃহস্পতিবার ছাত্ররা কাঠমান্ডুর অমৃত সায়েন্স কলেজ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে।