বগুড়ায় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালায় আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজে মাটি সরবরাহ নিয়ে বৃহস্পতিবার সকালে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের সময় ইউনিয়ন ভবন, কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে আছেন: নারুয়ামেলা ইউনিয়নের চেয়ারম্যান থানা বিএনপির যুগ্ম সম্পাদক জাহিদ হাসান হেলাল, সদস্য তসলিম উদ্দিন খোকা, বিএনপি নেতা বাদশা, শফিকুল ইসলাম, বাসেদ মাস্টার।
এলাকার লোকজন জানায়, রংপুরের রাকিব অ্যান্ড ব্রাদার্স উপজেলায় সড়ক বিভাগের আঞ্চলিক মহাসড়কের চাকলা থেকে হোসেনপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কোটি টাকার কাজ পান। স্থানীয় যুবদল সভাপতি (সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু গ্রুপের) তসলিম উদ্দিন খোকা কাজটির সাব-কন্ট্রাক্ট নেন। কাজটি নিয়ে গাবতলী পৌর চেয়ারম্যান মোরশেদ-মিল্টন গ্রুপের সমর্থক নারুয়ামালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন হেলালের নিকটজন স্থানীয় ছাত্রদল সভাপতি কুদরত-ই-খোদা সোহাগের বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে মহাসড়ক নির্মাণে চুক্তি হয়, খোকা বালু এবং সোহাগ মাটি সরবরাহ করবে।
প্রায় তিন মাস আগে বালুর কাজ শেষ হবার পর খোকা সেখানে চুক্তি ছাড়াই মাটি সরবরাহের উদ্যোগ নেয়। এ নিয়ে সোহাগের সাথে খোকার বিরোধ চরমে পৌঁছে। খোকা গত বুধবার সোহাগের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এদিকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উভয় পক্ষ মাটি সরবরাহ করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। বাধা পেয়ে ফিরে আসার সময় দু’গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে ১০ জন আহত হন। সে সময় কয়েকটি বাড়ি, দোকান ও ইউনিয়ন কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
