সার্ক সম্মেলনকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা: জনগণের ভোগান্তি চরমে
বাগেরহাটের তানভীর মাসুদ উচ্চ শিক্ষার্থে অস্ট্রেলিয়া যাবেন শুক্রবার। বাগেরহাট থেকে তার পিতা মাসুদ আলী, মা নিলুফার আর কলেজ পড়ুয়া দুই ভাই বিমানবন্দরে তাকে বিদায় জানাতে ঢাকায় এসেছে। কিন্তু সার্ক উপলক্ষ্যে একসাথে তিনজনের বেশি চলাচলে নিরাপত্তা-নিষেধাজ্ঞার ফলে তারা পড়েছেন বিপাকে।
ঢাকার পথে-পথে তল্লাশি, সাইরেন আর সামরিক শাসনকালে কারফিউর এর মতো পরিস্থিতি দেখে হতাশার পাশাপাশি আতঙ্কগ্রস্তও হয়ে পড়েছে তারা।
সার্ক উপলক্ষে ঢাকার কঠোরতম নিয়ম কানুনের কথা শুনে তাদের আত্মীয় স্বজনরা হতাশ।
“ভেবেছিলাম ছেলেকে বিদায় জানাতে এয়ারপোর্টে যাবো। কিন্তু তা আর সম্ভব হবে না,” হতাশার কণ্ঠে বললেন তানভীরের পিতা।
এছাড়া পথে পথে চেকপোস্ট আর পুলিশের অতিমাত্রায় তৎপরতার কথা উল্লেখ করে তানভীরের অপর এক আত্মীয়ের উদ্বেগজনক কণ্ঠ, কঠোর এই নিয়ম কানুনের মধ্যে সময়মতো এয়ারপোর্টে পৌঁছা যাবে তো ?
১০ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে ৭ নভেম্বর বিয়ে করেছেন মোহাম্মদপুরের বাসিন্দা মেহেদী ইমাম। লিডস করপোরেশনে চাকরীরত মেহেদী অফিস থেকে ছুটি নিয়েছেন ১৫ নভেম্বর পর্যন্ত। টেলিফোনে এই প্রতিবেদককে তার আশংকা জানালেন, “ ১১ নভেম্বর ঢাকায় ফিরতে চাই। কারফিউ এর মতো অবস্থায় নতুন বউ নিয়ে ঢাকায় গিয়ে গাবতলী থেকে বাসায় ফিরতে না জানি কি ঝক্কি পোহাতে হয়।”
ঈদের পরদিনই পারিবারিক কাজে সপরিবারে গ্রামের বাড়ি নাটোরে গিয়েছেন স্কলাস্টিকা স্কুলের শিক্ষক দিবাকর স্যান্যাল সুদীপ। ইচ্ছে ছিলো শুক্রবার ঢাকায় ফিরবেন। নাটোর বাস স্টেশনে গিয়ে জানতে পারলেন ১২ এবং ১৩ তারিখ দিনের বেলায় কোন বাস ঢাকা যাবে না। সার্ক উপলক্ষ্যে ঢাকার পথে পথে তল্লাশির প্রসঙ্গ উল্লেখ করে তিনি এই প্রতিবেদককে ফোনে বলেন, ১৩ তারিখ নাইট কোচে তিনি স্ত্রী ও পুত্র নিয়ে ঢাকায় ফিরবেন।
“আমার বাসা রাজধানীর উত্তরায়। পত্রিকা পড়ে জেনেছি উত্তরা এলাকায় সার্ককালীন মানুষের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাসা পর্যন্ত যেতে না জানি কত ঝক্কি পোহাতে হয়।” বলেন সুদীপ নামের একজন।
৫৬, ইনার সার্কুলার রোডে অবস্থিত ইস্টার্ন ট্রেড সেন্টারে বৃহস্পতিবার বিকেলে হানা দেয় নবগঠিত পল্টন থানার একদল পুলিশ। হাকডাক করে জানালেন, মার্কেটের সব দোকান এখনই বন্ধ করতে হবে। ওই মার্কেটেই অবস্থিত বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বিষয়ক প্রথম পাক্ষিক পত্রিকা ‘এনার্জি এন্ড পাওয়ার’।
পুলিশের কর্মীরা ওই পত্রিকার সম্পাদককে হুকুম দিলো, “এখনই সব বন্ধ করে দিতে হবে.”।
দুইবার বাতিল হওয়া সার্ক সম্মেলন সফল করতে ঢাকায় নেয়া স্মরণকালের সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থায় সরকার তৃপ্তির ঢেঁকুর তুললেও তাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
পথে পথে তল্লাশির নামে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হয়রানি, দুর্ব্যবহার, রোগী পরিবহনে বাধায় নাভিশ্বাস উঠেছে নগরবাসীর।
সার্ক সফল করতে ৪০ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী নগরীর অলিতে গলিতে অবস্থান নিয়েছে। সাথে নৌপথে ও আকাশপথে মহড়া চলছে। কোস্টগার্ড স্পীড বোটে এবং র্যাব এর হেলিকপ্টারে।
পুলিশের আইজি আব্দুল কাইউম এবং র্যাবের মহাপরিচালক আব্দুল আজিজ সরকার বিডিনিউজকে জানিয়েছেন নির্দেশ পালন এবং নিরাপত্তার স্বার্থে যা যা দরকার তাই-ই করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে জানান, সার্ক সম্মেলন চলাকালীন যারা বিদেশে যাবেন তাদের বিদায় জানাতে দুই জনের বেশি বিমান বন্দরে যেতে পারবে না। এছাড়া বঙ্গভবন এলাকায় অবস্থিত পত্রিকা অফিস সম্পর্কে তিনি বলেন, কিছু সময়ের জন্য ওইসব পত্রিকা অফিস বন্ধ রাখতে হবে।
