২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রির্জাভ চাপ বাড়ছে: এ মাসে রিজার্ভের পরিমাণ দু’মাসের আমদানি মূল্যের সমান

বৈদেশিক মুদ্রার রির্জাভ চাপের মধ্যে রয়েছে। চলতি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)’র বিল এবং আমদানিকৃত জ্বালানি তেলের মূল্য পরিশোধের পর বৈদেশিক রিজার্ভের পরিমাণ দু’মাসের আমদানি মূল্যের সমান হওয়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা। অবশ্য বিশ্ব ব্যাংকের উন্নয়ন সহায়তা ঋণ পেলে দেশের রির্জাভ সংকট কমবে।

নিজস্ব প্রতিবেদক

রফিক জামান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বাংলাদেশ ব্যাংক কর্মকতারা জানান, আকুর ২৪ কোটি ৭০ লাখ ডলার বিল পরিশোধের পর বৃহস্পতিবার রির্জাভের পরিমাণ দাঁড়ায় ২৫৩ কোটি ডলার।

গত সাড়ে তিন বছরের মধ্যে চলতি রির্জাভের পরিমাণই সর্বনিম্ন। সরকারের কঠোর আমদানি সংকোচন নীতির পর দেখা যায়, বিগত দু’মাসে রেমিট্যান্সের উচ্চ হারে বৃদ্ধি ও সেপ্টেম্বর মাসে আমদানি কমার পর গত দু’মাসে রিজার্ভে প্রায় ২০ কোটি ডলার হ্রাস পেয়েছে। একই সঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এসময়ে প্রায় ৫০ কোটি ডলারের বেশি রিজার্ভ কমেছে।

এছাড়া এ মাসে বড় অংকের তেলের মূল্য এবং ঈদ মৌসুমের অতিরিক্ত আমদানি বিল পরিশোধ করা হচ্ছে। ফলে চলতি মাসে সরকারের এ বিপুল পরিমাণ আমদানি বিল পরিশোধের কারণে রির্জাভ সংকট দেখা দেবে।

সূত্র জানায়, এ অর্থবছরে প্রতি মাসে গড়ে আমদানির পরিমাণ ছিল ১২০ কোটি ডলার। সামগ্রিক রিজার্ভ বিশ্লেষণ করে দেখা যায়, এসময় রিজার্ভের পরিমাণ দাঁড়াবে গড় আমদানি মূল্যের দ্বিগুণের সমান।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকতারা জানান, প্রবাসে কর্মরত শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভের অবস্থা এখন পর্যন্ত ভাল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্সের পরিমাণ ১৪৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৮ শতাংশ।

সাধারণত প্রতি বছর ঈদের আগে প্রবাসী শ্রমিকরা বিপুল পরিমাণ অর্থ পাঠিয়ে থাকে। ফলে চলতি মাসে রেমিট্যান্সের উচ্চ প্রবাহ না থাকলে এ সংকট আরও ত্বরান্বিত হবে।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, আমদানিকৃত জ্বালানি তেলের উচ্চমূল্য পরিশোধের কারণেই রিজার্ভের ওপর চাপ বেড়েছে। তবে চলতি মাসগুলোতে রেমিট্যান্স বৃদ্ধির বর্তমান হার বজায় থাকলে এ চাপ কমে যাবে।

সরকার মধ্যমেয়াদি সমষ্টিক অর্থনৈতিক কাঠামোতে রিজার্ভের পরিমাণ ৩৭০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ফলে রির্জাভ লক্ষ্যমাত্রার তুলনায় ইতোমধ্যে ১২০ কোটি ডলার ঘাটতি রয়েছে। আইএমএফ তার ঋণ পাওয়ার ক্ষেত্রে হিসেবে রিজার্ভ তিন বিলিয়ন ডলার রাখার নিদের্শনা দিয়েছিল।

চলতি অর্থবছরের শুরুতে বৈদেশিক রিজার্ভের পরিমাণ ছিল ৩০২ কোটি ডলার, যা প্রতি মাসের গড় আমদানি মূল্যের ২ দশমিক ৬৫ গুণ। আন্তজার্তিকভাবে তিন মাসের আমদানির সমপরিমাণ বৈদেশিক রিজার্ভকে নিরাপদ বলে ধরা হয়।