২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বোমা হামলায় শায়খ আ. রহমান ও বাংলা ভাইসহ ১৪জনের বিরুদ্ধে চার্জশিট

চাঁদপুরে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় শায়খ আ. রহমান ও বাংলা ভাইসহ ১৪ জেএমবি কর্মীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

মামলা দায়েরের ৮৫ দিন পর বৃহস্পতিবার সকালে তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি রুস্তুম আলম এ চার্জশিট প্রদান করেন।

বোমা হামলার ঘটনায় চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মতিউল ইসলাম বাদি হয়ে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের বিভিন্ন ধারায় চাঁদপুর থানার একটি মামলা দায়ের করেন।

চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, ১৭ আগস্ট সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে চাঁদপুর জজ কোর্ট, ডিসি আফিস ও পৌরসভাসহ সাতটি গুরুত্বপূর্ণ স্থানে জেএমবি’র সদস্যরা বোমা হামলার পর পালিয়ে যায়।

তিনি জানান, তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে ১৬১ ধারায় ৭১জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছে। এছাড়া আটক জঙ্গি এবং চার্জশিটভুক্ত আসামি শামীম হোসেন ওরফে সাইফুল্লাহ গালিব, আবুল কালাম আজাদ ওরফে রাশেদ, মাহফুজ খন্দকার, মাসুম রহমান ও রহমত উল্লাহ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী বোমা হামলার সাথে জড়িত ও নেতৃত্বদানকারী হিসেবে অন্যান্য পলাতক চার্জশিটভুক্ত আসামিরা হচ্ছে-জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, তার ভাই আতাউর রহমান সানি, জেএমজেবি নেতা ছিদ্দিকুর রহমান বাংলা ভাই, এবং আবু সুফিয়ান ভূঁইয়া ওরফে জুয়েল, ওসমান গনি সোহাগ ওরফে ওমর, কালাম হোসেন ডিউক, ইসমাইল, গোফরান এবং রেজওয়ান হাসান ওরফে রেদওয়ান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৩ অক্টোবর বোমা হামলার পর গ্রেপ্তারকৃতসহ অভিযুক্ত আসামিদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে।