২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক নেতৃবৃন্দ আসছেন শুক্রবার

আসন্ন ত্রয়োদশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা শুক্রবার ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেতৃবৃন্দকে স্বাগত জানাবেন।

ভুটানের প্রধানমন্ত্রী লিয়নপো সাঙ্গে গেদুপ সবার আগে ঢাকায় পৌঁছবেন। তিনি বিকাল পৌনে তিনটায় জিয়া বিমান বন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

সবার শেষে মধ্য রাতে শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা রাজধানী ঢাকায় পৌঁছবেন। তবে সব শেষে পৌঁছলেও রোববার দুপুরে কলম্বোয় অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় বক্তৃতা দেয়ার জন্যে সবার আগেই তিনি ঢাকা ছাড়বেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা ছাড়ার আগেই তিনি প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা ও দলিলপত্রে স্বাক্ষরের কাজ শেষ করবেন।

পাকিস্তানের প্রধঅনমন্ত্রী শওকত আজিজ দ্বিতীয় ব্যক্তি হিসেবে ঢাকায় অবতরণ করবেন। বিকাল পৌনে চারটায় তিনি একটি বিশেষ বিমানে করে ঢাকায় আসছেন।

আজিজের পরে বিশেষ বিমানে করে বিকাল সাড়ে পাঁচটায় আসবেন নেপালের রাজা জ্ঞানেন্দ্র।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বিশেষ বিমানে করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকায় পৌঁছবেন। সিঙ্গাপুরের ফ্লাইটে রাত সাড়ে ১০ টায় মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম রাজধানীতে পৌঁছবেন।

সূর্যাস্তের পূর্বে আগত অতিথিবৃন্দকে গার্ড অব অনার প্রদানের পাশাপাশি তোপধ্বনি করা হবে।

অতিথিরা শেরাটনে অবস্থান করবেন।