সাংবাদিক নির্যাতন বিরোধী কনভেনশন ভেন্যু বাতিল করায় সাংবাদিক নেতৃবৃন্দের প্রতিবাদ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) তাদের পূর্বনির্ধারিত সাংবাদিক নির্যাতন বিরোধী কনভেনশন ভেন্যু বাতিল করার জন্যে সরকারকে দায়ী করেছেন।
বিএফইউজে নেতৃবৃন্দ সরকারের এ আচরণকে ‘অগণতান্ত্রিক এবং সাংবাদিকদের প্রতি বৈরী ভাবাপন্ন’ বলে অভিমত ব্যক্ত করেন। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বিএফইউজে নেতৃবৃন্দ এ কথা বলেন।
সরকারের এমন আচরণে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছেন।
তারা বলেন, ভেন্যু বাতিল করে সম্মেলন পণ্ড করা যাবে না। সম্মেলনের পরবর্তী তারিখ এবং স্থান অচিরেই ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।
‘সাংবাদিক নির্যাতন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জাতীয় কনভেনশনটি ১১ নভেম্বর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে ভেন্যুটি বাতিল করে।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উপস্থিত থাকার কথা ছিলো।
বিএফইউজে ১৮ অক্টোবর চিঠির মাধ্যমে ১১ নভেম্বরের জন্যে ওই স্থানটি বরাদ্দ নেয়। কিন্তু কোনও পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করেই নিরাপত্তার কারণ দেখিয়ে এনএসআই মিলনায়তন কর্তৃপক্ষকে এ বরাদ্দ বাতিল করার আহ্বান জানায় এবং বরাদ্দ বাতিল করা হয়। এনএসআই সার্কের নিরাপত্তার কারণ দেখিয়ে ওই ভেন্যুর ১০ থেকে ১৪ নভেম্বরের সকল বরাদ্দ বাতিল করে।
বিএফইউজে প্রেসিডেন্ট ইকবাল সোবহান চৌধুরী বলেন, গত ১৮ অক্টোবর একটি চিঠির মাধ্যমে আমরা ১১ নভেম্বরের জন্যে ওই স্থানটি বরাদ্দ নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে কিছু না জানিয়ে কনভেনশন শুরুর মাত্র ৩০ ঘন্টা আগে আমাদের বরাদ্দ বাতিল করা হয়। তিনি বলেন, এর অর্থ দাড়ায় সরকার সাংবাদিক নির্যাতন অব্যাহত রাখলো । এটা শুধু সাংবাদিকদের প্রতি নয় বিরোধী দলের প্রতি অগণতান্ত্রিক আচরণ কারণ বিরোধী দলীয় নেতা এতে প্রধান অতিথি ছিলেন।
বিএফইউজে সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিকরা সন্ত্রাসী নয় যে তারা নিরাপত্তার ব্যাঘাত ঘটাবে।
নেতৃবৃন্দ বলেন, এ ভেন্যু বাতিলের মাধ্যমে সরকার প্রমাণ করলো যে তারা দেশের সাংবাদিক নির্যাতন এবং সাংবাদিক হত্যার মদদদাতা, কেননা এটা ছিলো সাংবাদিক নির্যাতন বিরোধী সম্মেলন।
সভায় ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক শাহ আলমগীর উপস্থিত ছিলেন।
