ভৈরবে মহিলাকে শ্বাসরুদ্ধ করে হত্যা, গ্রেপ্তার ১
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় বুধবার রাতে এক মহিলাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে এ খবর জানা যায়।
নিহত ছাফিয়া (৩৫) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের জনৈক আতর আলীর কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বামী পরিত্যক্তা ছাফিয়া রেলওয়ে বস্তির জনৈকা মিনির ঘরে ভাড়াটিয়া হিসেবে থাকতো। বুধবার সন্ধ্যা সাতটার দিকে অপরিচিত দুুই যুবক তার ঘরে প্রবেশ করে। এর আধ ঘন্টা পরে ঘরের মালিক মিনি ঘরে এসে তার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে।
এলাকাবাসীরা জানায়, ঘটনার পর পর দুই যুবককে ছাফিয়ার ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।
ভৈরব থানা পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন বস্তি থেকে ছাফিয়ার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্যে পুলিশ লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।
এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদক বিক্রেতা মো. দুদু মিয়াকে (২৮) বৃহস্পতিবার দুপুরে ভৈরবপুর এলাকা থেকে আটক করে।
ধর্ষণের পর ছাফিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
এ হত্যাকাণ্ডের পর থেকে নিহত ছাফিয়ার ঘরের মালিক মিনি বেগম পলাতক রয়েছে।
