দারিদ্র দূরীকরণে সার্ক পিছিয়ে রয়েছে, সেমিনারে বক্তারা
সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে জোরদার সম্পর্ক না থাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলো দারিদ্র দূরীকরণে খুব কমই সাফল্য লাভ করতে পেরেছে। বুধবার এক গোলটেবিল বৈঠকে বক্তরা এ কথা বলেন।
‘আঞ্চলিক সহযোগিতা এবং জনগণের প্রত্যাশার প্রেক্ষাপটে সার্ক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব সৈয়দ আব্দুস সামাদ বলেন, সার্কের দুর্বল অবস্থান এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ভঙ্গুর গতির কারণে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারিনি।
তিনি বলেন, গত দুই দশকে সার্কের সদস্য রাষ্ট্রগুলো অন্তঃআঞ্চলিক বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছে। আঞ্চলিক সহযোগিতা সম্পর্কের ক্ষেত্রে উন্নতি না ঘটায় দ্রারিদ্র দূরীকরনের মূল লক্ষ্য অর্জিত হয়নি।
আব্দুস সামাদ আরও বলেন, এই অঞ্চলের এক তৃতীয়াংশ জনগণ এখনও দারিদ্রসীমার নীচে বসবাস করছে এবং ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য বেড়েই চলেছে।
তিনি দ্রারিদ্র দূরীকরণে আঞ্চলিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নিয়মিত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানসহ ১৯ দফা সম্বলিত সাউথ এশিয়ান অ্যালায়েন্স ফর পোভার্টি ইরাডিকেশন (এসএএপিই) এর বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি সার্ক অঞ্চলের মধ্যে শ্রমিকদের অবাধ যাতায়াতের পক্ষে মত ব্যক্ত করেন।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ এবং দৈনিক সংবাদের যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বাংলাদেশ অর্থনৈতিক সমিতি’র সভাপতি কাজী খলিকুজ্জামান আহমাদ, অজয় রায়, যতীন সরকার, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল এবং নারী নেত্রী ড. হামিদা হোসেন বক্তব্য রাখেন।
ড. খলিকুজ্জামান তার বক্তব্যে বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমেই কার্যকরভাবে দারিদ্র বিমোচন সম্ভব।
হামিদা হোসেন বলেন, সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় উগ্রতাই সার্ককে কার্যকর হতে বাধাগ্রস্ত করেছে। তিনি বলেন, দারিদ্র দূরীকরণে সার্কের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চাটাই বেশি দরকার।
