জমি দখলের অভিযোগে আব্দুল জলিলের বিরুদ্ধে মামলা করেছে রাজউক
জালিয়াতির মাধ্যমে গুলশান এলাকায় ২০ কাঠা জমি দখলের অভিযোগে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেছে রাজউক।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস মন্ত্রণালয়ের অফিস কক্ষে বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান।
তিনি জানান, জালিয়াতির ঘটনা তদন্ত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে।
তিনি আরো জানান, মার্কেন্টাইল ব্যাংক ১৩ সেপ্টেম্বর গুলশানের সিডব্লিউএন (সি) ব্লকের ২০ কাঠার একটি প্লট জনৈক মুশতারী বেগমের কাছ থেকে ক্রয় করে। ওই জায়গার মূল মালিক রাজউক।
অবৈধভাবে রাজউকের জমি দখল করে নেয়ার অভিযোগে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ওই মামলাটি হয়।
তিনি আরও জানান, মার্কেন্টাইল ব্যাংক থেকে জমির মালিকানা সম্পর্কিত রাজউকের যে কাগজ দেখানো হয়েছে, ওই কাগজ আসলে রাজউকের নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।
