খুলনায় ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় আ. রহমান ও বাংলা ভাইসহ ৯ জনকে আসামি করে চার্জশিট দাখিল
খুলনায় বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি প্রধান শায়খ আ. রহমান এবং জেএমজেবি নেতা বাংলা ভাইসহ নয় জনকে আসামি করে মঙ্গলবার সিএমএম আদালতে তিনটি পৃথক চার্জশিট দাখিল করা হয়েছে।
১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ের করা চারটির মধ্যে তিনটি মামলায় এ সব চার্জশিট দাখিল করা হয়।
খুলনা সদর থানার এসআই শফিকুল, সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্বাস উদ্দিন এবং দৌলতপুর থানার এসআই অজিত তদন্তকারী কর্মকর্তা হিসেবে পৃথকভাবে চার্জশিট তিনটি দাখিল করেন। বটিয়াঘাটা থানার চার্জশিট দাখিল করতে আরও দুই/তিন দিন সময় লগেবে বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।
জেএমবি’র শীর্ষ দুই নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলো আরিফ ওরফে আসাদ, শহীদুল্লাহ ওরফে লোকমান, মেহেদী হাসান তানভীর, খালিদ হাসান মিন্টু, মাহবুবুর রহামান লিটন ওরফে পলাশ, মাহমুদুল হাসান সুমন ওরফে হাফেজ মাহমুদ এবং শায়খুল ইসলাম।
বিস্ফোরক দ্রব্য আইনে দখিল করা চার্জশিটে শায়খ আব্দুর রহামান ও বাংলাভাইকে নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে বোমা হামলার সাথে যুক্ত সন্দেহে নগরীর বাগমারার বাসিন্দা, স্কুল শিক্ষক হাকিম ও তার স্ত্রী মাহমুদা মঙ্গলবার দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা দু’জন জবানবন্দিতে বলে, জেএমবি নেতা শহীদুল্লাহ, পলাশ ও খালিদসহ অন্যরা জানুয়ারি মাসে তাদের বাড়ির নীচতলা ভাড়া নেয় এবং আট মাস অবস্থান করে। এসময় তাদের কাছে যারা এসেছিল, এ সম্পর্কে তারা তথ্য দিয়েছে।
