খুলনায় পৃথক ঘটনায় শিশুসহ ৫ জনের অস্বাভাবিক মৃত্যু, জেলের গলিত লাশ উদ্ধার
পৃথক ঘটনায় খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে শিশুসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মহানগরীর খালিশপুর আলমনগর এলাকায় মঙ্গলবার সকালে বাড়ির সীমানা দেয়াল ধ্বসে টিয়া (৫) নামে এক শিশু মারা গেছে। দুর্ঘটনার সময় দেয়ালের পাশে টিয়াসহ ৪/৫ শিশু খেলছিল। এ সময়ে অন্যান্যরা আহত হয়।
অন্যদিকে, নগরীর পথেরবাজার এলাকায় সোমবার রাতে পথচারি মোসলেম আকন্দ (৬০) ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। ওইদিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার ভোরে তিনি মারা যায়। একইদিনে নগরীর দৌলতপুর এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৬০) নিহত হয়।
পারিবারিক কলহের জের ধরে জেলার ডুমুরিয়া উপজেলার আরজিসাজিয়াড়া গ্রামের রহিন বিশ্বাসের স্ত্রী লতা (২০) কীটনাশক পান করার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায়।
অপর ঘটনায় নড়াইলের সেনহাটি গ্রামের নারায়ন চন্দ্র পালের মেয়ে চন্দনা (২২) শনিবার তুত ফল খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সে মারা যায়।
অন্যদিকে ঈদের দিন শুক্রবার রুপসা নদীতে মাছ ধরার সময় তেলের ট্যাংকারে আঘাতে ডুবে যাওয়া জেলে নিতাই বিশ্বাসের (৩০) গলিত লাশ মঙ্গলবার পুলিশ উদ্ধার করেছে।
