২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত শতাধিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলীতে মঙ্গলবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও শতাধিক যাত্রী আহত হয়েছে। নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে একজন বাসের কর্মচারি বলে ধারণা করা হচ্ছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

দুর্ঘটনার পর পরই এ সড়কপথে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী ঢাকা থেকে দেবীদ্বার যাচ্ছিলেন। মন্ত্রী দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস ও কুমিল্লা থেকে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারগামী বাস দুটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে সাচারগামী বাসটি যাবার সময় এ সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত ২৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে এবং ১২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দাউদকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার ফলে দুপুর ১২ টা ৫০ থেকে ২ টা ২০ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকল যানবাহন চলাচল বন্ধ ছিলো।