যশোরে ষাড়ের লড়াই নিয়ে তুলকালাম: শেষ পর্যন্ত ১৪৪ ধারা প্রত্যাহার
গ্রামবাসীর আন্দোলনে মুখে প্রশাসন ১৪৪ ধারা তুলে নিলে যশোরের অভয়নগর উপজেলার নাউলিয়ায় ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্থানীয় হাইস্কুল মাঠে ঐতিহ্যবাহি ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে স্থানীয় লোকজন। কিন্তু প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি-এ অজুহাত দেখিয়ে সকাল ৮টায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ম্যাজিস্ট্রেট ওজিয়ার রহমান ও এএসপি নূরুজ্জামান তিন প্লাটুন পুলিশ নিয়ে হাইস্কুল মাঠে আয়োজিত ষাঁড়ের লড়াই বন্ধ করে দেন।
এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার পরপরই গ্রামবাসী ও খেলার আয়োজকরা নওয়াপাড়া-আমতলা সড়ক অবরোধ করে। হাজার হাজার মানুষের অবরোধ ও আন্দোলন কর্মসূচির খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য এমএম আমিনউদ্দিন ঘটনাস্থলে আসেন। পরে প্রশাসনের সাথে সমঝোতা হলে দুপুরে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।
এরপর নাউলিয়া হাইস্কুল মাঠে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়।
