২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ ও ভৈরবে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক, গ্রেপ্তার ২৯ জন

মানিকগঞ্জ ও ভৈরবে সোমবার পৃথক সংঘর্ষে দু’জন নিহত এবং শতাধিক হয়েছে। আহতদের মধ্যে ৪৫ জনের অবস্থা আশংকাজনক। এসব ঘটনায় পুলিশ ২৯ জনকে গ্রেপ্তার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 06:04 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

মানিকগঞ্জ কবরস্থনের প্রাচীর নির্মাণ ও ভৈরবে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষগুলো ঘটে।

বিডিনিউজ মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ সদর উপজেলা কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ করা নিয়ে প্রতিপক্ষের হামলায় সোমবার দু’জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সকাল নয়টায় আটিগ্রাম ইউনিয়নের কেষ্ঠী গ্রামের কবরস্থানের সেক্রেটারি খোরশেদ আলমের লোকজন নিয়ে কবর স্থানের সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ হাবিবুর রহমান নির্মাণ কাজে বাধা দেয়। দীর্ঘদিন ধরে সীমানা নির্ধারণ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন আব্দুুল জব্বার ও আমিনুল ইসলাম রাজ। এতে আহত হয় আরও ১০ জন।

গুরুত্বর আহত হাবিবুর রহমান ও নুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় পুলিশ হাবিবুর রহমানের স্ত্রী রেনুকা, পুত্র মনোয়ার ও নুরুলকে গ্রেফতার করেছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ ভৈরব প্রতিনিধি জানান, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সোমবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ২৬ জনকে গ্রেপ্তার করেছে।

গুরুতর আহত ৪৫ জনের মধ্যে যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তারা হচ্ছেন-শাহ আলম (২০), গোলাপ মিয়া (৪৫), জহিরুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (২৪), নিয়ামত উল্লাহ (২৫), কবির মিয়া (২২) কাশেম মিয়া (২৫), ইসলাম উদ্দিন (২৩) আবদুস সামাদ (২০) ও মজনু মিয়া (৩১)।

অন্যদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামের ভুঁইয়া বাড়ি ও মিয়াজী বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকাল ৯টায় স্থানীয় খোলা মাঠে ভূঁইয়া বাড়ি এবং মিয়াজী বাড়ি’র সাত/আট’শ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চাললে এ সংঘর্ষে বাধে। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে ওঠে। পরে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ওই ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, রোববার রাতে মিয়াজী বাড়ির কামরুল ইসলাম নামে এক যুবককে ভুঁইয়া বাড়ির লোকজন মারধর করলে তার জের ধরে এ সংঘর্ষ ঘটে।

এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।