বিভিন্ন জেলায় পৃথক ঘটনায় তিন জন খুন
বিভিন্ন জেলায় পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছে। ঝিনাইদহ, রাজশাহী এবং নওগাঁয় সোমবার সকাল ও রোববার রাতে এ ঘটনাগুলো ঘটে।
বিডিনিউজ ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার হরিনাকুণ্ডু উপজেলার বেড় বিন্নী বাজারে সোমবার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা রোজদার আলী (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে।
পুলিশ জানায়, সোমবার সকাল ৯টায় বাজারের একটি দোকানের সামনে দাঁড়ানো রোজদার আলীকে দু’জন বন্দুকধারী মোটর সাইকেল যোগে এসে গুলি করে হত্যার পর পালিয়ে যায়। রোজদার এক সময় চরপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাথে জড়িত ছিল।
পুলিশ সন্দেহ করছে কোনও চরমপন্থি গোপন সংগঠন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। হরিনাকুণ্ডু থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীতে সন্ত্রাসীদের ধারলো ছুরির আঘাতে সোমবার তাজুল হক (২০) নামের এক যুবক নিহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রেমঘটিত বিষয় নিয়ে নিহত যুবকের সাথে ওই সন্ত্রাসীদের বিরোধ ছিল। নিহত তজুলের বাড়ি নগরীর রামচন্দ্রপুর এলাকায়। তার পিতার নাম শামসুল হক। এ ব্যাপারে বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, বাকিতে দু’টাকার জিলাপি না দেওয়ায় প্রাণ হারাতে হয়েছে ফুটপাতের মিষ্টি বিক্রেতা খাদেম আলী প্রামাণিককে (৪০)। রোববার সন্ধ্যায় নওগাঁ শহরতলীর আদমদুর্গাপুর দক্ষিণ পাড়া গ্রামের ওয়াজেদ ও তার সহযোগীরা খাদেমকে এলোপাথারি পিটিয়ে মারাত্মক আহত করে। পরে রাতে স্থানীয় একটি ক্লিনিকে তার মৃত্যু হয়।
সোমবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নওগাঁ হাসপাতল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নওগাঁ থানায় হত্যা মামলা হয়েছে।
