ভৈরবে দু’দলের সংঘর্ষে শতাধিক আহত, গুরুতর ৪৫, গ্রেপ্তার ২৬ জন
গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সোমবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। আহতদের মধ্যে ৪৫ জনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় পুলিশ ২৬ জনকে গ্রেপ্তার করেছে।
গুরুতর আহতদের মধ্যে যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তারা হচ্ছেন-শাহ আলম (২০), গোলাপ মিয়া (৪৫), জহিরুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (২৪), নিয়ামত উল্লাহ (২৫), কবির মিয়া (২২) কাশেম মিয়া (২৫), ইসলাম উদ্দিন (২৩) আবদুস সামাদ (২০) ও মজনু মিয়া (৩১)।
অন্যদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামের ভুঁইয়া বাড়ি ও মিয়াজী বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকাল ৯টায় স্থানীয় খোলা মাঠে ভূঁইয়া বাড়ি এবং মিয়াজী বাড়ি’র সাত/আট’শ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চাললে এ সংঘর্ষে বাধে। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে ওঠে। পরে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ওই ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, রোববার রাতে মিয়াজী বাড়ির কামরুল ইসলাম নামে এক যুবককে ভুঁইয়া বাড়ির লোকজন মারধর করলে তার জের ধরে এ সংঘর্ষ ঘটে।
এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।
