উপসাগরীয় দেশে গৃহপরিচারিকা হিসেবে কাজে বাংলাদেশীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না: বাংলাদেশী রাষ্ট্রদূত
বাংলাদেশ বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে গৃহপরিচারিকা হিসেবে কাজের ব্যাপারে বাংলাদেশী নাগরিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। বিভিন্ন গণমাধ্যম সোমবার এ কথা জানায়।
স্পন্সর এবং রিক্রুটিং এজেন্সির হয়রানীর শিকার হওয়া গৃহপরিচারিকাদের অভিযোগের ভিত্তিতে মার্চ মাসে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা আরোপের আগে থেকেই বাহরাইনে কর্মরত বাংলাদেশী গৃহপরিচারিকাদের সমস্যা সমাধানে দূতাবাস চেষ্টা করে আসছে।
তিনি বলেন, বাহরাইনে নতুন করে আর গৃহ পরিচারিকরা না আনার ব্যাপারে বাংলাদেশ ও বাহরাইন সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য রাখার সময় তিনি আরও বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশী গৃহপরিচারিকারা প্রতারণার শিকার হয়। কাউকে আবার কম মজুরি দেওয়া হয় অথবা কাজের জন্যে ওয়ার্কপারমিট দেওয়া হয় না।
সরকার অবশ্য এখন শুধু যোগ্যতাসম্পন্ন লোকদের ভালো কোম্পানিগুলোতে কাজের জন্যে ওয়ার্কপারমিট দিচ্ছে।
ডেইলি নিউজ-এ প্রকাশিত এক প্রতিবেদনে অনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, দূতাবাস সকলের জন্যে উন্মুক্ত এবং আমরা সবসময়ই আমাদের সাধ্য অনুযায়ী তাদের (গৃহপরিচারিকাদের) সাহায্য করতে প্রস্তুত আছি।
