ঈদের দিন বনানীতে সড়ক দুর্ঘটনায় তোফায়েল আহমেদের ভাগনের মৃত্যু
ঈদের দিন শুক্রবার দুপুরে রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোশাররফ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাগনে।
পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় তার সঙ্গী আরোহীও আহত হন। দুর্ঘটনার সাথে জড়িত দুটি গাড়ির আরোহীরাও এতে আহত হয়। ওই গাড়ি দুটির চালকরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তবে পুলিশ গাড়ি দুটি আটক করেছে।
জানা যায়, ঈদের দিন বেলা পৌনে ১টায় বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় যমুনা সেতু ভবনের সামনে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। বিপরীতমুখি দুটি প্রাইভেট গাড়ির সাথে মোশাররফের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোশাররফ ও তার অজ্ঞাতনামা সহযাত্রী আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মোশাররফের মৃত্যু হয়।
পুলিশ জানায়, গাড়ি চালক ঘটনার পরই পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত একটি টয়োটা প্রাডো জীপ (ঢাকা মেট্রো ঘ-১১-৫৯৩০), একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৩-১৪৭০) এবং মোটর সাইকেল (ঢাকা মেট্রো এ-০৭-০৪১০) আটক করেছে।
ভিন্ন একটি সূত্র জানায়, প্রাডো জীপটি নারায়ণগঞ্জ এলাকার ব্যবসায়ী শাহজাহানের। ঘটনার সময় জীপটি তার ছেলে ব্যবহার করছিল। এতে তার ছেলেও আহত হয়। সে এখন রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সূত্র জানায়, পুলিশ ওই দুর্ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি। অথচ দুর্ঘটনা কবলিত গাড়ির কাগজপত্রে সূত্রে সহজেই এর মালিকদের ভবর পেতে পারে। এ ব্যাপারে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
