দেশব্যাপী বোমা বিস্ফোরণের সাথে দুটি কুরিয়ার সার্ভিসের যোগসূত্র রয়েছে: গোয়েন্দা সংস্থা
দেশব্যাপী বোমা বিস্ফোরণ ও জঙ্গি কর্মকাণ্ডের সাথে কমপক্ষে দুটি কুরিয়ার সার্ভিসের যোগসূত্র রয়েছে বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালিককে খুঁজছে। অন্যদিকে বুধবার ঢাকার গোয়েন্দারা দুই কিলোগ্রাম বিস্ফোরকসহ রাজশাহী থেকে দু’জনকে আটক করে। তাদেরকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এদিকে সিলেট থেকে আটককৃত দুজনকে ঢাকা পাঠানো হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
ডিবি সূত্র আরও জানায়, বিস্ফোরক, বোমা ও জঙ্গি সংশ্লিষ্ট অন্যান্য সরজ্ঞাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিতরণ করা হয়েছে। তারা ইতোমধ্যে এ সংক্রান্ত বিভিন্ন প্রমাণাদি সংগ্রহ ও কয়েকজনকে আটক করেছে।
জঙ্গি সংশ্লিষ্ট মামলাগুলোর সমন্বয়কারী গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজকে জানান, তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালিককে গ্রেপ্তারের জন্যে আইন শৃৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠিয়েছিলেন। কিন্তু তারা তাকে খুঁজে পাইনি।
তিনি আরও বলেন, কুরিয়ার সার্ভিসগুলো জঙ্গি তৎপরতার সাথে জড়িত রয়েছে।
পুলিশ বুধবার দুই কিলোগ্রাম বিস্ফোরক ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর কয়েকটি লিফলেট রাজশাহীর সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে উদ্ধার করেছে। ঢাকার গোয়েন্দা বিভাগের একটি বিশেষ দল একটি খেলনা রিকশার সিটের নিচে লুকিয়ে রাখা এ সরজ্ঞামগুলো নগরীরর কুমারপাড়ার কুরিয়ার সার্ভিস থেকে উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় ওই কুরিয়ার সার্ভিসের ম্যানেজার নাজমুল হোসেন ও আরও দুই কর্মচারিকে আটক করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত বিষ্ফোরকের মধ্যে রয়েছে আধাকেজি এমোনিয়াম সল্ট, আধা কেজি সালফার ও এক কেজি হোয়াইট পাউডার।
পুলিশ আরও জানায়, বিষ্ফোরকসহ এই পার্সেলটি সিলেটের সুন্দরবন কুরিয়ার সার্ভিস শাখা থেকে ২৯ সেপ্টেম্বর রাজশাহীর রাইয়ান বিন সোবহানের নামে পাঠানো হয়েছিলো। পার্সেলটি পাঠায় সিলেটের হাবিব বিন মাহবুব এই নামের এক ব্যক্তি।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস সূত্র জানায়, গ্রহণকারী কুরিয়ার সার্ভিসের রাজশাহী কার্যালয় থেকেই পার্সেলটি গ্রহণ করে।
সুন্দরবন ছাড়াও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসও জঙ্গিদের সাথে জড়িত এমন সন্দেহ রয়েছে।
