২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের কঠোর নজরদারী সত্ত্বেও অবাধে সার পাচার হচ্ছে

গোটা দক্ষিণাঞ্চলে সার পাচার রোধে কোস্ট গার্ডের কঠোর নজরদারীর ভিতর দিয়েই এখান থেকে পাশ্ববর্তী মায়ানমারে ইউরিয়া সার পাচার হচ্ছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2005, 09:22 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

এর ফলে কৃষিক্ষেত্রে সরকারের দেওয়া ভর্তুকিকৃত স্বল্প মূল্যের সার মুনাফালোভী ডিলারদের মাধ্যমে অবৈধ পথে মায়ানমার চলে যাচ্ছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে সার পাচার রোধে বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী দেশ ভারত-মায়ানমারের ১৩টি পয়েন্টে কোস্ট গার্ডের টহল জোরদারের নির্দেশ দেন।

তবে তার ওই নির্দেশ বাস্তবায়নে আশংকা প্রকাশ করে সাধারণ কৃষকরা বিডিনিউজকে জানান, যেখানে গত সপ্তাহে মায়ানমারের উদ্দেশ্যে পটুয়াখালীর কলাপাড়া, বরিশালের হিজলা এবং ভোলার বোরহানউদ্দিন ও তজুমুদ্দিনে সার পাচারের সাথে খোদ কোস্ট গার্ড সদস্যরা জড়িত ছিল সেক্ষেত্রে কোস্ট গার্ড সদস্যদের দিয়ে সার পাচার রোধে কতটা শুদ্ধি অভিযান পরিচালিত হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সূত্র জানায়, দেশে ইউরিয়া সার সঙ্কটের অন্যতম কারণ হচ্ছে অন্য দেশে সার পাচার।

সরকার দেশের চারটি ইউরিয়া ফ্যাক্টরির উৎপাদিত সারের পাশাপাশি বর্তমানে আরব আমিরাত থেকে ইউরিয়া আমদানি করেই কৃষকদের চাহিদা পূরণ করার চেষ্টা করছে।

সরকার ১৮ হাজার টাকা প্রতি টন ইউরিয়া আমদানি করে ভর্তুকি দিয়ে ডিলারদের হাতে পৌঁছে দিচ্ছে মাত্র পাঁচ হাজার তিনশ’ টাকা দরে।

সার মনিটরিং কমিটির সভাপতি সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ বাফার স্টক থেকে বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী,বরগুনা ও ঝালকাঠির ২৭৯ জন ডিলারের কাছে ইউরিয়া সার বন্টন করেন।

সূত্র মতে, ইউরিয়া সারের পিকআওয়ার জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, জুলাই, আগস্ট, নভেম্বর ও ডিসেম্বর।

এ সময়কালে ইউরিয়ার চাহিদা থাকে আকাশচুম্বী। কৃষকদের চাহিদা অনুযায়ী ডিলারদের বরাদ্দও থাকে বেশি।

কিন্তু চোরাচালান সিণ্ডিকেটের কারসাজিতে কৃষকদের সামনে ৩০ ভাগ ইউরিয়ার দেখা মেলে। বাকী ৭০ ভাগ চলে যায় চোরাচালান সিন্ডিকেটের হাতে।

সার বন্টনে দুর্নীতি এবং পাচারের কারণে ডিলারদের ডিলারশিপ বাতিল করা হলেও তারা ছদ্ম নামে স্থানভেদে একাধিক ডিলারশিপ গ্রহণ করে সার ব্যবসার সাথে জড়িত থাকে।