লন্ডনে বাংলাদেশী রেস্তোরাগুলো জনশক্তি সংকটে
লন্ডনে বাংলাদেশী মালিকানাধীন রেস্তোরাগুলোতে জনশক্তি সংকট দেখা দিয়েছে। তালিকাভুক্তকরণ প্রক্রিয়ায় অনিয়মের কারণে কয়েক শ’ কোটি পাউন্ডের এ ব্যবসা মারাত্মক ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান।
সূত্র জানায়, রেস্তোরা ব্যবসা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত আরও সাত হাজার শ্রমিক প্রয়োজন। এ ব্যাপারে হোম অফিসের সাথে আলোচনা চলছে। প্রতি বছর এ খাতে তিনশ’ ৪০ কোটি পাউন্ডের লেনদেন হয় বলেও একটি বেসরকারি জরিপের উদ্ধৃতি টেনে সূত্র জানায়।
সংশ্লিষ্ট অন্য একটি সূত্র জানায়, আগের জনশক্তি আমদানি প্রক্রিয়ায় অনিয়ম হওয়ায় ব্রিটিশ কর্তৃপক্ষ বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে জনশক্তি আমদানির ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছে। সাম্প্রতিক একটি স্কিমে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে রেস্তোরায় কাজ করার জন্য লোক আমদানির ক্ষেত্রে এক বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হয়।
স্পাইস ম্যাগাজিনের সম্পাদক ও লন্ডনে একটি রেস্তোরার মালিক এনাম আলী বলেন, কতিপয় মাইগ্রেশন এজেন্সি ও হোটেল মালিকের অব্যবস্থাপনার কারণে ওই স্কিমটি বাতিল করে দেওয়া হয়।
তিনি বলেন, আব্দুল কাদের নামে একজনের একটি হোটেলে কাজ করার কথা থাকলেও তিনি বেশ কয়েকটিতে কাজ করছিলেন। এছাড়া ইমিগ্রেশন কর্মকর্তারা আরও কিছু অনিয়ম ও অব্যবস্থাপনা সনাক্ত করেন।
ব্রিটিশ সরকার বর্তমানে রেস্তোরা মালিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে জনশক্তি আমদানির ব্যাপারে উৎসাহিত করছে। এ ব্যাপারে হোটেল মালিকদের সাথে হোম অফিসের দু’দফা বৈঠক হয়েছে বলে সূত্র জানায়।
এনাম আলী বলেন, ‘হোটেল মালিক ও শ্রমিকদের অধিকাংশের সাথে সিলেটি আঞ্চলিক কিংবা বাংলা ভাষায় কথা বলতে হয়। সেক্ষেত্রে ইইউ’র শ্রমিকরা কীভাবে বাংলাদেশী বা ভারতীয় হোটেলে কাজ করবে? বিষয়টি আমারা ব্রিটিশ কর্তৃপক্ষকে বলেছি।’
ব্রিটেনের খাদ্য ব্যবসা বিষয়ক একমাত্র ম্যাগাজিন স্পাইস’র সম্পাদক বিডিনিউজকে আরও বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে স্বল্প দক্ষ ও অদক্ষ শ্রমিক আমদানির জন্য নতুন একটি স্কিমের ব্যাপারে আমরা তদবির করে যাচ্ছি।
২০০৩ এবং ২০০৪ সালের স্কিমে ব্রিটেনে আসা শ্রমিকদের মধ্যে পাঁচ হাজার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষে ইতোমধ্যে দেশে ফিরে গেছে। কিন্তু তাদের একটা অংশ এখনও অবৈধভাবে ব্রিটেনে অবস্থান করছে। অবৈধভাবে অবস্থানের কারণে তাদের কেউ কেউ ডিটেনশন ক্যাম্পে আছে।
রেস্তোরা মালিকরা আশা করছেন, স্বল্প সময়ের ব্যবধানে রেস্তোরাগুলো যাতে আবার শ্রমিক সংকটে না পড়ে, সে জন্য নতুন স্কিমে দু’বছরের ওয়ার্ক পারমিটের ব্যবস্থা রাখা হবে। তারা বাংলাদেশ থেকে সাত হাজার শ্রমিক আমদানির অনুমতির জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
লন্ডনের রেস্তোরাগুলোর অধিকাংশই বাংলাদেশী মালিকানাধীন। বাংলাদেশী মালিকানায় প্রায় ১০ হাজার খাবারের দোকান চলছে। তাদের অধিকাংশই আবার সিলেটি। প্রধানত পূর্ব লন্ডনেই বাংলাদেশী মালিকানাধীন রেস্তোরা ব্যবসা বেশ জমজমাট। নতুন প্রজন্ম খাবারের দোকানে কাজ করার ব্যাপারে আগ্রহী নয়। এ কারণেও রেস্তোরাগুলোতে শ্রমিক সংকটের সুরাহা হচ্ছে না।
