লক্ষ্মীপুরে জলাবদ্ধতা স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে
লক্ষ্মীপুর পৌর এলাকায় জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ কারণে পৌরবাসী চরম দুর্ভোগের মধ্যে দিন অতিবাহিত করছে।
পৌরবাসী অভিযোগে জানায়, বৃষ্টির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় পৌর এলাকায় পানি জমে যায়।
বৃষ্টির পানিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে-মিয়া তাহের সড়ক, হ্যাপী সিনেমা সড়ক, শহীদ মিনার সড়ক, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, শেখ রাসেল সড়কসহ ২৪টি সড়ক এবং এসব সড়ক সংলগ্ন আবাসিক এলাকা।
ভারী ও মাঝারি ধরনের বর্ষণে এসব এলাকায় বন্যার ন্যায় অবস্থার সৃষ্টি হয়।
বছরের প্রায় ছয় মাস জলাবদ্ধতার শিকার হয়ে ছাত্রছাত্রীসহ এলাকাবাসী চরম দুর্ভোগ পোহায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়।
পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ১৯৯৪ সালে ডিপিএইচই (ডানিডা) বিশুদ্ধ পানি সরবরাহ, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনে প্রায় পাঁচ কোটি টাকা প্রকল্পের অধীনে পৌর এলাকায় প্রায় এক কিলোমিটার পাকা ড্রেন নির্মাণ করা হয়।
এরপর বিগত ১০ বছরে আর কোন ড্রেন নির্মাণ বা ওই ড্রেনগুলো সংষ্কার করা হয়নি।
এ ব্যাপারে পৌর চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু বিডিনিউজকে জানান, শিগগিরই বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের নতুন প্রকল্পের অধীনে ড্রেনেজ ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও জানান, এ প্রকল্প বাস্তবায়িত হলে মানুষের দুর্দশা লাঘব হবে।
