গোপালগঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সশস্ত্র সংঘর্ষ, ২৫ জন গুলিবিদ্ধ
গোপালগঞ্জে মালিকানা নিয়ে বিতর্কিত একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে দু’ঘন্টাব্যাপী সশস্ত্র সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধসহ ১০০ জন হয়েছে।
সোমবার ভোরে জেলার টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩৭ জনকে গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়া হাসপতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ওই গ্রামের একটি জমির মালিকানা দাবি করে মিল্লাত জামাদ্দারের লোকজন রোববার ধান কেটে নিয়ে আসে। এ নিয়ে বিশ্বাস বংশের সাথে জমাদ্দার বংশের উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। তবে রোববার উভয় পক্ষই সোমবার সকালে সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘোষণা দেয়।
সোমবার সকালে বিশ্বাস বংশের লোকজন জমাদ্দার বাড়িতে হামলা করে। পরে জমাদ্দার বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। পুরো এলাকা পরিনত হয় রণক্ষেত্রে। হামলাকারীরা ২ টি বাড়ি ও ৬১ টি দোকান ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিশ্বাস ও জমাদ্দার বংশের লোকজন ওই জমির মালিকানা দাবি করে আসছে।
