হজ্বের বাড়তি ভাড়া পড়ছে ৪০০ ডলার, কেলেঙ্কারির এয়ারলাইন্স আবারো হজ্ব ফ্লাইট চালাবে!
এবার নন-ব্যালটি হজ্ব যাত্রীদের ভাড়া বাবদ অতিরিক্ত ৪০০ ডলার গুনতে হবে।
বেসারিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, এদিকে বছর তিনেক আগে দুটি বেসরকারি দেশি এয়রলাইন্সকে হজ্ব ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়ে কেলেঙ্কারির পর এবার মন্ত্রণালয় আবারো দুটি বেসরকারি এয়ারলাইন্সকে হজ্ব ফ্লাইট চালাতে দিচ্ছে। এরমধ্যে সেবার হজ্ব কেলেঙ্কারির অন্যতম প্রধান এয়ার বাংলাও রয়েছে।
সোমবার মন্ত্রণালয়ের সভা কক্ষে বেসরকারি দেশি এয়ারলাইন্স ও বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে হজ্ব ফ্লাইট বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। নন-ব্যালটি হজ্ব যাত্রী পরিবহনে সভায় দেওয়া দুটি বেসরকারি দেশি এয়ারলাইন্স ও পাঁচটি বিদেশি এয়ারলাইন্সের প্রস্তাবনা মন্ত্রীসভায় পাঠানোর সিন্ধান্ত হয়।
নন-ব্যালটি হজ্ব যাত্রী পরিবহনে বেসরকারি এয়ার বাংলা ও সাউথ এশিয়া এয়ারলাইন্স এক হাজার ২৫০ ডলার এবং এমিরেটস, সৌদি এয়ার, কুয়েত এয়ার, কাতার ও সিঙ্গাপুর-এই পাঁচটি এয়ারলাইন্স একহাজার সাড়ে ৩০০ ডলার ভাড়ার প্রস্তাব দিয়েছে।
বেসরকারি এয়ারলাইন্স দুটি ৩০ হাজার এবং বিদেশী পাঁচটি এয়ারলাইন্স ১২ থেকে ১৪ হাজার হাজ্বযাত্রী পরিবহনের সম্মত হয়েছে।
অন্যদিকে বিমান ৯৫০ ডলারে তিন থেকে চার হাজার ব্যালটি যাত্রী পরিবহন করবে।
সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির সাংবাদিকদের বলেন, ৯৫০ ডলারে ব্যালটি হজ্ব যাত্রী পরিবহন করায় বিমানকে প্রতি ফ্লাইটে ৭১ লাখ ৮২ হাজার টাকা ভর্তুকি দিতে হবে।
তিনি জানান, এ ক্ষেত্রে বিমান থেকে হজ্বযাত্রী পরিবহনে ভাড়া পুনর্নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রীসভায় পাঠাবে।
সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব একেএম জাফর উল্লাহ খান, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরী, বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম. মাহমুদুর রহমানসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
