দিল্লি বিস্ফোরণ: আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসা, নিহতের পরিবার পাবে ৯০৯০ মার্কিন ডলার
রাজধানী নতুন দিল্লিতে শনিবারের বোমা বিস্ফোরণে আহতদের চিকিৎসার ব্যয়ভার ভারত সরকার বহন করবে এবং হামলায় নিহতদের পরিবারকে চার লাখ রুপি দেওয়া হবে বলে নয়াদিল্লির মুখ্যমন্ত্রী শিলা দিক্ষিত জানিয়েছেন।
শনিবারকে দিল্লির জন্য একটি দুঃখের দিন আখ্যায়িত করে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাইরে যেও না এবং ভয় পেয়ো না। তার চেয়ে ঘরে থাক। আমরা সবাই মিলে সন্ত্রাসীদের পরাস্ত করব।
রাজধানীর সাফদোরজং হাসপাতালে চিকিৎসাধীন বোমা হামলায় আহতদের দেখে এসে মুখ্যমন্ত্রী দিক্ষিত বলেন, দিওয়ালি উৎসব উদযাপন করার জন্য সমগ্র দিল্লি যখন প্রস্তুত হচ্ছে, তখন সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিরপরাধ মানুষ হত্যা করছে।
হাসপাতালের একজন চিকিৎসক কিরণ চন্দ্র পাল জানান, শনিবার হাসপাতালে একশ’র বেশি লোক ভর্তি হয়েছে। চিকিৎসা দেওয়ার পর তাদের ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ৪৪ জনের অবস্থা আশংকাজনক।
ডা. কিরণ বলেন, আহতদের চিকিৎসার জন্য আমরা কিছু অতিরিক্ত চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়েছি। তাদের সমস্ত ব্যয়ভার সরকার বহন করবে বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, সরোজিনী মার্কেটে বিস্ফোরণে আহতদের মধ্যে চার আফ্রিকান নাগরিকও রয়েছে। প্যাট্রিক ইয়েবোনকিতা, রেজিনা নেকিতা, জর্জ এবং জমেশ রাজের বাড়ি আফ্রিকার দেশ ঘানায়।
আহত আফ্রিকান নাগরিকদেরকে সাফদোরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাতের ধরন জানা যায়নি বলে হাসপাতালের নার্স শিমলা দেবী জানিয়েছেন।
পুলিশ জানায়, রাজধানীতে তিনটি বিস্ফোরণে ৬১ জন নিহত ও ১৮৮ জন আহত হয়েছে।
