শ্রীমঙ্গলে এনজিও কর্মীকে জবাই করে হত্যা
শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগান এলাকায় রোববার রাতে সন্ত্রাসীরা এক এনজিও কর্মীকে জবাই করে হত্যা করেছে।
নিহত এনজিও কর্মীর নাম সুজিত চন্দ্র দেব (৩০)। তিনি স্থানীয় ’আগ্রহ উন্নয়ন সংস্থার’র মাঠ কর্মী ছিলেন।
পুলিশ নিহত এনজিও কর্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সুজিত চন্দ্র দেব নিরালারপুঞ্জির সদস্যদের কাছ থেকে কিস্তির টাকা আদায় করে রাত ৮টার দিকে সাতগাঁও থেকে ফিরছিলেন।
এসময় রাস্তার পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা আলুকড়ি এলাকায় ফিফটি মোটরসাইকেলসহ সুজিতকে আটক করে চা বাগানের ভিতর ধরে নিয়ে যায়।
সেখানে একটি ড্রেনের ভিতর জবাই করে তাকে হত্যা করা হয়।
এনজিও সংস্থা আগ্রহ’র প্রধান নির্বাহী বিনয় ভূষণ বিডিনিউজকে জানান, নিহত সুজিত ছয় বছর ধরে তাদের সংস্থায় মাঠকর্মী হিসেবে কাজ করছে। সপ্তাহের প্রতি রোববার সে কিস্তির টাকা তোলার জন্য নিরালাপুঞ্জি যেতো। মাস ছয়েক আগে একই এলাকায় তার উপর হামলা হয়।
এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ রাতেই বিরল নামে এক ব্যক্তিকে আটক করেছে।
এ ব্যাপারে সাতগাঁও থানায় একটি মামলা হয়েছে।
নিহত সুজিতের বাড়ি সাতগাঁওয়ের লাহারপুর গ্রামে। সে ধীরেন্দ্র দেবের ছেলে।
