২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে ৫ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ পেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি শনিবার রাতে জেলা পুলিশ সুপারের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

এদিকে, রোববার সকালে আওয়ামী লীগের সংসদীয় দলের উপনেতা ও সাবেক স্পীকার অ্যাডভোকেট আব্দুল হামিদের নেতৃত্বে চার সদস্যের সংসদীয় প্রতিনিধি দল বসুর হাটে ডাকাতি হওয়া স্বর্ণের দোকান পরিদর্শন শেষে পথসভা ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওসি আইয়ুব, এসআই সুধাংশু এবং দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি থানার সকল পুলিশ প্রত্যাহারে নির্বাহী সুপারিশও করা হয়েছে।

এ ব্যাপারে নোয়াখালী পুলিশ সুপার একেএম শহিদুর রহমান (পিপিএম) বিডিনিউজকে বলেন, তদন্ত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠোনো হবে। তারা ব্যবস্থা নেবেন।

ডাকাতির শিকার স্বর্ণের দোকান মালিক ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজকে বলেন, আমরা শুধু আশ্বাস শুনে আসছি। কিন্তু কাজতো কিছুই হচ্ছে না। তিনি পুলিশের ভূমিকা রহস্যজনক বলে মন্তব্য করেন।

এদিকে, ঘটনার পর ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ ডাকাতির মালামাল উদ্ধার করতে পারেনি। এমনকি ঘটনার সাথে জড়িত অভিযোগে কাউকে গ্রেফতার করা হয় নি।