‘আর কত বয়স হইলে মোক তোমরা বয়স্ক ভাতা দেবেন বাহে?’
অবশেষে খুব কষ্টে বয়স ও ক্ষুধার ভারে ভেঙ্গে পড়া শরীরটাকে তিস্তার বাধের ওপর টেনে তোলেন শহর আলী। অন্যদের সহযোগিতায় বাধের ঢালের ওপর শরীরটা ছেড়ে দিয়ে বসেন তিনি।
গ্রামে কয়েকজন ‘শাহিব’ এসেছে শুনে শহর আলী ছুটে এসেছেন কিছু ত্রাণ সহায়তা পাওয়ার আশায়। কিন্তু যারা এসেছে, তারা কেউ ত্রাণ কর্মকর্তা নন, সাংবাদিক। শুনে হতাশ হন শহর আলী।
শহর আলী তাকে নিয়ে কিছু লেখার জন্য অনুরোধ জানান, যাতে লেখা পড়ে কর্তৃপক্ষ তার জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করে। যাতে না খেয়ে মরার ভয় থেকে রক্ষা পাওয়া যায়।
শহর আলীর বয়স ৯০ বছর। বয়স সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ১১৫ বছর। কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও তার জন্য কোনও ব্যবস্থা করা হয়নি। তাকে না দিলে কি হবে, তার চেয়ে অনেক ধনী মানুষও সরকারি সাহায্য পাচ্ছে বলে অভিযোগ জানালেন শহর আলী।
আমাদের দিকে বিহ্বল চোখ তুলে শহর আলী প্রশ্ন করেন, আর কত বয়স হইলে মোক তোমরা বয়স্ক ভাতা দেবেন বাহে?
এ দৃশ্য ডিমলা উপজেলার খোগা খড়িবাড়ী ইউনিয়নের ডোহলপাড়া গ্রামের। নীলফামারীর অন্যান্য গ্রামের মতোই মারাত্মক মঙ্গা কবলিত একটি গ্রাম ডোহলপাড়া।
তিস্তার ভাঙনের শিকার হয়ে চর কিসমতের কমপক্ষে ২৫০ টি পরিবার দু’বছর আগে এ তিস্তার বাধের ওপর আশ্রয় নেয়। নদী ভাঙনের ফলে সবকিছু হারিয়ে তারা এখন নিঃস্ব।
শুধু শহর আলী নন, শহর আলীর মতো কদম আলী (৮০), জুরান আলী ভূইয়া (৮০) এবং আমির আলী (৯০)-এরা কেউই বয়স্ক ভাতার মুখ দেখেন নি।
হতাশা ভরা কণ্ঠে জুরান আলী বিডিনিউজকে বলেন, আমার তিন ছেলে। তারা তাদের পরিবার নিয়ে অন্যত্র থাকে। তারা তাদের নিজেদের চাহিদাই মেটাতে পারে না, বাপকে দেখবে কী!
তিনি ভাঙা গলায় বলেন, পেটের ভাত যোগানোর জন্য এ বয়সেও অন্যের জমিতে কাজ করতে হয়। কিন্তু মঙ্গা এবার সে সুযোগও কেড়ে নিয়েছে বলে তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পর্যায়ের একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, বয়স্ক ভাতা প্রদানের ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের দেওয়া তালিকার ওপর আমাদের নির্ভর করতে হয়।
এ বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের কাউকেই পাওয়া যায়নি। তবে সাবেক মেম্বার বজলুর রহমান জানান, আগামী নির্বাচনের বিষয়টি মাথায় রেখে রাজনৈতিক বিবেচনায় বয়স্ক ভাতার জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে।
শহরের আলীর বাড়িতে গিয়ে দেখা গেলো, প্রায় আশির কাছাকাছি বয়সের বৃদ্ধা স্ত্রী সারাদিনের একমাত্র খাবার হিসেবে লবন দিয়ে কচুর মুখী সেদ্ধ করছেন। বয়সের ভারে শরীরের মতো তার বাদামি চুল ও চোখের ভ্রƒ-ও ধূসর হয়ে গেছে।
শহর আলী তার এক পুত্র ও এক মেয়ের জামাইকে নিয়ে জনৈক মিয়াচানের একখণ্ড জমির ওপর ঘর বেঁধে আছেন। ১৩ টি সন্তান নিয়ে মঙ্গার কারণে অসহায় অবস্থার মধ্যে হাবুডুবু খাচ্ছে তারাও। মিয়াচানের জায়গায় দুটি ঘর বেঁধে থাকার জন্য তাদের এক হাজার নয়শ টাকা গুণতে হয়।
শহর আলীর বাড়িতে ‘শাহিব’ এসেছে জানতে পেরে আরও অনেকেই জড়ো হয়। তারা সবাই ত্রাণ সহযোগিতার জন্য তাদের নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানায়।
প্রতিবছর মঙ্গার কারণে কার্তিক মাসে বাংলাদেশের উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের মতো মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময়ে দু’বেলা দু’মুঠো খাবার যোগাড় করার মতো কোনও কাজ না থাকায় অধিকাংশ ভূমিহীন মানুষ অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করে।
