নয়াদিল্লিতে বোমা হামলার নিন্দায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারতের রাজধানী নয়াদিল্লিতে বোমা হামলার নিন্দা এবং এতে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এ ঘটনাকে বর্বরোচিত সন্ত্রাসী কাজ বলে আখ্যা দেন।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, শনিবার দিল্লিতে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ এবং সরকার এ সন্ত্রাসী ঘটনার নিন্দা জানায়। তিনি এর যথাযথ বিচার হবে বলে আশা প্রকাশ করেন।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমিসহ বাংলাদেশের জনগণ এ ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সন্ত্রাসের বিরুদ্ধে নিজের অবস্থান ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময়ই সন্ত্রাসের বিপক্ষে এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তিনি দক্ষিন এশিয়াকে সন্ত্রাসমুক্ত করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
