সুন্দরবনে পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ২০ দফা সুপারিশ
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ওপর নির্ভরশীল পেশাজীবী বাওয়ালী, মৌয়ালী ও মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২০ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিবেশবাদী ও মানবাধিকার কর্মীরা।
খুলনা প্রেসক্লাবে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ‘প্রদীপন-মানুষের জন্য প্রকল্প’-এর রিজিওনাল সাপোর্ট গ্রুপ আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের ওয়ার্ড কমিশনার কনিকা সাহা।
তাদের সুপারিশকৃত ২০ দফার মধ্যে রয়েছে পেশাজীবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বন আইনের সংস্কার, পেশাজীবীদের নিরাপত্তা বিধানকারী দলের জনবল বৃদ্ধি, বনদস্যু ও জলদস্যুদের আক্রমন রোধ, বন আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি, আইন অমান্যকারীদের শাস্তির ব্যবস্থা করা, ক্ষতিপূরণের জন্যে তহবিল গঠন, এসকল কাজে পেশাজীবী ও স্থানীয় সরকারকে সম্পৃক্ত করা ইত্যাদি।
সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এনায়েত আলী, অ্যাডভোকেট ফিরোজ আহমদ, প্রাক্তন বন সংরক্ষক নুরুল ইসলাম প্রমুখ।
