২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইকে ধরিয়ে দিতে সরকার এককোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে

নিষিদ্ধ ঘোষিত জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও জেএমজেবি প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে গ্রেফতারের জন্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারলে সরকার এককোটি টাকার পুরস্কার দেবে। শুক্রবার এ পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বাংলা ভাই ও আব্দুর রহমান গত ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার এবং সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশে ইসলামী আইন প্রতিষ্ঠার মূল পরিকল্পনাকারি।

আগামী ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনের প্রাক্কালে সরকার এই পুরস্কার ঘোষণা করল।

এরআগে চলতি বছরের ১১ সেপ্টেম্বর তাদেরকে ধরিয়ে দিতে বলা হলেও সে সময়ে কোনও পুরস্কার ঘোষণা করা হয়নি।

র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবর শুক্রবার দুপুরে হঠাৎ করেই এই ঘোষণা দেন।

আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, এটা কোনও আনুষ্ঠানিক ঘোষণা নয়। র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তাৎক্ষণিকভাবে মন্ত্রী এই ঘোষণা দেন।

সংগঠন নিষিদ্ধ হওয়ার পর পরই জামাতুল মোজাহেদীন বাংলাদেশ (জেএমবি)’র প্রধান মাওলানা আব্দুর রহমান ওরফে এহসান মাওলানা ওরফে এহসান এবং জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি)’র প্রধান মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ওরফে সিদ্দিকুর ওরফে আজিজুল ইসলাম ওরফে ওমর আলী লিটু ওরফে বাংলা ভাইকে আত্মগোপন করে।

সেপ্টেম্বরের ১১ তারিখে তাদের ধরিয়ে দিতে জনগণের সাহায্য চেয়ে সরকার লিফলেট বিতরণ করে।

একই দিনে পুলিশ সদর দপ্তর বোমা হামলার পরিকল্পনাকারি আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের সম্ভাব্য ছদ্মবেশের ছবিসহ লিফলেট বিতরণ করে।

তাদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে ধরিয়ে দিতে সাহায্য করার জন্যে পুলিশ জনগণের কাছে আবেদন জানায়।

১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার তদন্তে দেখা যায়, রাজধানী ও সারাদেশের বেশিরভাগ এলাকায় বিভিন্ন ভাড়া বাড়িতে থেকে বোমা হামলার পরিকল্পনা করা হয়।