বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন অন্ধ্র প্রদেশে, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের সমুদ্রসীমা অতিক্রম করে ভারতের অন্ধ্র প্রদেশে প্রবেশ করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি সন্ধ্যা ৬টায় অঙ্গলীর পাশে দিয়ে অন্ধ্র উপকুল অতিক্রম করে অন্ধ্র প্রদেশে প্রবেশ করে। সেখানে এখন স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। ফলে বাংলাদেশ এর প্রভাবমুক্ত অবস্থায় রয়েছে।
জানা যায়, নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরের ওপর পরিচালন মেঘের সৃষ্টি হয়েছে। পরিচালন মেঘের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এজন্য চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে নদী বন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে দুনম্বর সতর্কতা সংকেত।
১০ দিন আগে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ওই সুষ্পষ্ট লঘুচাপটির সৃষ্টি হয়। আটদিন একই স্থানে অবস্থানের পর বৃহস্পতিবার লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়।
এদিকে বন্যা তথ্য কেন্দ্র জানায়, দেশের প্রায় প্রতিটি এলাকাতেই সম্প্রতি সৃষ্ট আকষ্মিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হচ্ছে।
