গাজীপুরে অপহৃত শিশুসহ ৪ অপহরণকারী আটক
গাজীপুর থেকে অপহৃত এক শিশুকে বুধবার রাতে ৪ অপহরনকারীসহ উদ্ধার করেছে রাজশাহী র্যাব। বৃহস্পতিবার এ ব্যাপারে নাটোরের গুরুদাশপুর থানায় একটি মামলা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর গাজীপুর থেকে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মনিয়ারী কান্দা গ্রামের আব্দুল করিমের পুত্র রাসেল (৪) অপহৃত হয়। অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। শিশুটির মা রাজশাহী সদর দপ্তরে অফিসে লিখিত অভিযোগ করার পর বুধবার রাতে রাজশাহী র্যাবের একটি দল শিশুটিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর গ্রামের কাচিকাটা থেকে উদ্ধার করে। এসময় সেখান থেকে চার অপহরণকারীকে আটক করা হয়। এরা হলো-নাটোরের খুবজীপুর গ্রামের আইজুলের স্ত্রী নাছিমা বেগম (৪০), নাটোরের কাচিকাটার নজরুল ইসলামের পুত্র আলমগীর হোসেন (২২) আবুল কালাম আজাদের পুত্র সেলিম রেজা (২১) এবং নগরীর মতিহার থানার বেলঘরিয়ার জাহাঙ্গীরের স্ত্রী শাহিনা বেগম (৩৫)।
এ ব্যাপারে রাসেলের মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেছে।
