২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জ হত্যাকাণ্ডে বহিষ্কৃত ওসি’র বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে পাঁচজন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় থানার বহিস্কৃত ওসিকে প্রধান আসামী করে বৃহস্পতিবার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

নোয়াখালী প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম ভূইয়ার আদালতে নিহত আলাউদ্দিনের পিতা আবু বকর সিদ্দিক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিচারক বাদীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে ৪ নং আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমানকে বিচার বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেন।

বহিস্কৃত ওসি মো. আইয়োব ছাড়াও এ মামলায় এসআই সুধাংশু চক্রবর্তী, এএসআই নির্মলেন্দু চাকমা, কনস্টেবল হুমায়ুনসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করা হয়।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন নোয়াখালী বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিবউল্যাহ, অ্যাডভোকেট মমিনউল্যাহ, অ্যাডভোকেট বোরহান আহমদ প্রমুখ।

এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ শুক্রবার কোম্পানীগঞ্জ আসছেন। তিনি বসুরহাট বাজারে ৪ দলীয় জোট আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন এবং নিহতদের বাড়িতে গিয়ে সমবেদনা জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

ব্যারিস্টার মওদুদ আহমদ কোম্পানীগঞ্জ আসার আগে বৃহস্পতিবার ঘটনার বিচার দাবি করে কালো পতাকা ও ওসি আইয়োবের ছবিসহ পোস্টারে ছেয়ে গেছে কোম্পানীগঞ্জ।

বসুরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রেয়াজুল হক লিটন বিডিনিউজকে জানান, ওসি আইয়োবসহ দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।