আরও দুটি মামলায় ২০ নভেম্বর পর্যন্ত ইটিভি চেয়ারম্যানকে গ্রেফতার বা হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ
একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে কাফরুল থানায় দায়ের করা আরো দুটি ফৌজদারি মামলায় আগামী ২০ নভেম্বর পর্যন্ত তাকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আবদুস সালামের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী ফারজানা শিল্পী ও কাফরুল থানার এসআই এ মামলা দুটো দায়ের করেন।
২০ নভেম্বর যাতে নির্বিঘ্নে আবদুস সালাম আদালতে হাজির হতে পারেন তার জন্যেই এ নির্দেশ জারি করা হয়েছে।
আবদুস সালামের দায়ের করা জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চ আবদুল সালামকে ২০ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ দেন।
এসআই নাসিমুল ইসলাম গত ৭ অক্টোবর অস্ত্র আইনের আওতায় দায়েরকৃত মামলায় অভিযোগ করেন, আবদুস সালাম যখন বিদেশে অবস্থান করছিলেন তখন তার ডিওএইচএস-এর বাড়িতে তার লাইসেন্সকৃত অস্ত্র অরক্ষিত অবস্থায় ছিলো। পুলিশ তার তালাকপ্রাপ্তা স্ত্রীর উপস্থিতিতে অস্ত্রটি উদ্ধার করে।
১৯ অক্টোবর ফারজানা কাফরুল থানায় অন্য মামলাটি দায়ের করেন চেক জালিয়াতির অভিযোগ এনে। মামলায় তিনি অভিযোগ করেন আবদুস সালাম তাকে ব্যাংক থেকে তোলার জন্যে ২০ কোটি টাকার একটি চেক দিয়েছিলেন। কিন্তু টাকা তুলতে তিনি প্রিমিয়ার ব্যাংকের গুলশান ব্রাঞ্চে গেলে সেখান থেকে জানানো হয়, আবদুস সালাম আগে থেকেই চেকের অর্থ প্রদানে নিষেধ করেছেন।
পিটিশনে আবদুস সালাম বলেন, ফারজানা ৬ অক্টোবর বিদেশ থেকে দেশে ফিরে তার ডিওএইচএস এর বাসায় যায়। কিছু প্রভাবশালী ও স্বার্থানেষী ব্যক্তির প্র্ররোচনায় সে তাকে (আবদুস সালাম) এবং তার আত্মীয়স্বজনদের হয়রানির উদ্দেশ্যে একটি মিথ্যা মামলা দায়ের করে। এ ব্যক্তিরাই তাকে ইটিভির শেয়ার বিক্রি করে দেওয়ার জন্যে চাপ দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আবেদনে আরও বলা হয়, ফারজানা তার স্ত্রী নন, তাদের গত ২ অক্টোবর ছাড়াছাড়ি হয়ে গেছে।
এতে আরও বলা হয়, ফারজানা পুলিশ নিয়ে তার বাড়িতে ঢুকে সকল মালামাল তছনছ করে এবং সে স্বর্ণালঙ্কার, নগদ অথ্য ও অন্যান্য গৃহস্থালী সামগ্রী নিয়ে যায়। তিনি অবেদদনকারীর ভল্ট ভেঙ্গে বেক্সিমকো হোল্ডিংস লিমিটেড এর দেয়া একটি চেক নিয়ে যান বলেও আবেদনে উল্লেখ রয়েছে।
লাইসেন্স থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে মিথ্যা অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে আবেদনকারী উল্লেখ করেন।
অপর একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অপর একটি বেঞ্চ সররকারি কর্তৃপক্ষের দাখিলকৃত সময় বর্ধিতকরণ আবেদনের প্রেক্ষিতে ঈদের ছুটির পর হাইকোর্ট খোলা পর্যন্ত তা বর্ধিত করার সিদ্ধান্ত দেন।
হাইকোর্টের জারিকৃত একটি রুলের উত্তর দিতে এ গত ২৫ অক্টোবর ২৪ ঘন্টার এ সময় সীমা বেধে দেয়া হয়েছিলো।
আবদুস সালাম ও তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা গ্রহণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানিয়ে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, কাফরুল থানার ওসি, এসআই ও ফারজানা শিল্পীকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।
বিচারপতি এমএ রশিদ ও বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আবদুস সালামকে আগামী ২০ নভেম্বরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন এবং এর আগে তাকে গ্রেফতার বা হয়রানি না করতে সরকারকে নির্দেশ দেন।
আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট টিএইচ খান। তাকে সহায়তা করেন সরদার মোশাররফ হোসেন ও অ্যাডভোকেট রেজিনা চৌধুরী। অপরদিকে সরকার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান।
