সার পাচার রোধে ১৩ নৌ রুট সিল করার সরকারি সিদ্ধান্ত
দেশ থেকে সার পাচার রোধে ১৩টি নৌ রুট সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন নৌ রুটের মাধ্যমে দেশ থেকে বিপুল পরিমান সার পাচার হয়ে যাওয়ায় প্রতিবছর আমরা সার সংকটে পড়ি। তাই এবার পাচার রোধ করার জন্যে আমরা ১৩টি নৌ রুটে কোস্টগার্ড় মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি।
বৈঠকে অংশ নেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, প্রতিবেশী দেশগুলোতে সারের দাম বাংলাদেশের চেয়ে বেশি হওয়ায় দেশ থেকে সার পাচারে একটি শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় রয়েছে।
তিনি বলেন, এ অবস্থা বুঝতে পেরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মায়ানমার ও ভারতে সার পাচার রোধে কোস্টগার্ড ও পুলিশকে নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন।
কোস্টাগার্ড সদস্যরা গত দুই দিনে ভোলা এবং বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে ২৮,১২,৫০০ টাকা মুল্যের ১১,২৫০ বস্তা সার আটক করেছে। উদ্ধারকৃত এসব সার মায়ানমারে পাচার করা হচ্ছিল।
এর আগে ১৪ আগস্ট কোস্টগার্ড সদস্যরা চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা থেকে পাচার হওয়ার সময় ১০২ টন ইউরিয়া সার আটক করে।
চলতি বছর কৃষি খাতের চাহিদা পূরণে সরকারকে কাফকো এবং বিদেশ থেকে ৯ লাখ মেট্রিক টন ইউরিয়া সার ক্রয় করতে হবে। এটি মোট চাহিদার প্রায় এক তৃতীয়াংশ।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি ইতোমধ্যেই আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে দেড় লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে এবং আরও দুই লাখ মেট্রিক টনের বেশি সার আমদানির টেন্ডার আহ্বান এখন প্রক্রিয়াধীন রয়েছে।
শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী গত ৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
২০০৫-০৬ অর্থবছরের জন্যে কৃষি মন্ত্রণালয় ২৮ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা নির্ধারণ করেছে। তবে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ছয়টি ইউরিয়া সার কারখানায় ১৯ লাখ মেট্রিক টন সার উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে পুলিশের আইজি আবদুল কাইয়ুম, বিডিআর, কোস্টগার্ড, র্যাব’র মহাপরিচালকগণ, পুলিশের আইজি (প্রিজন), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, চার উপ কমিশনার ও র্যাবের কমান্ডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
